চীনের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ খুবই গুরুত্ব দেয়: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী মুসা হিতাম এবং চীনের নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জান তাঁর কার্যালয়ে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ, বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ককে খুবই গুরুত্ব দেয়। বর্তমান সরকার চীনের সঙ্গে ব্যাপক অংশীদারিমূলক সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহী। খবর বাসসের।বৈঠকে সরাসরি সংযোগ সড়ক, যোগাযোগ স্যাটেলাইট, গভীর সমুদ্রবন্দর, নতুন মৈত্রী সেতু ও প্রস্তাবিত পদ্মা সেতুর মতো পরিকল্পিত প্রকল্পগুলো নিয়েও আলোচনা হয়। মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রীর সাক্ষাৎ: এর আগে মালয়েশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী মুসা হিতামের নেতৃত্বে ওয়ার্ল্ড ইসলামিক ইকোনমিক ফোরামের (ডব্লিউআইইএফ) একটি প্রতিনিধিদল সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বর্তমান সরকার শিক্ষা বিশেষ করে নারীশিক্ষা বিস্তারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।