চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম চীনের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ এবং বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর স্থাপনে দেশটির সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ সরকার মিয়ানমার হয়ে চীনের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্থাপন করতে চায়। গতকাল বৃহস্পতিবার সোনারগাঁও হোটেলে চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সম্মানে আওয়ামী লীগ আয়োজিত মধ্যহ্নভোজে সৈয়দ আশরাফ এ কথা বলেন। এ সময় সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন।চীনা কমিউনিস্ট পার্টির পলিটব্যুরো সদস্য ও পার্টির বেইজিং শাখার সাধারণ সম্পাদক লিউ শির নেতৃতে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে রয়েছে।সৈয়দ আশরাফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরের সময় মিয়ানমার হয়ে চীনের সঙ্গে বাংলাদেশে সড়ক ও রেলপথে যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। চীনা নেতা লিউ শি এ ব্যাপারে তাঁর সমর্থন জানিয়েছেন।সৈয়দ আশরাফ ‘এক চীন’নীতিতে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন।আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন চীনকে তাঁর দ্বিতীয় বাড়ি বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মন্ত্রী হওয়ার আগে আমি প্রায়ই চীন সফরে যেতাম। কিন্তু মন্ত্রী হওয়ার পর এ ভ্রমণের কিছু ব্যত্যয় ঘটেছে।’ চীনা প্রতিনিধিদলের নেতা লিউ শি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নে কাজ করে যেতে চীনের ইচ্ছার কথাও জানান।অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ চীনা নেতা লিউ শির হাতে দলীয় প্রতীক নৌকা ও কিছু উপহার তুলে দেন। এ সময় ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝ্যাং জিয়ানি, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মোস্তফা কামাল, আওয়ামী লীগের নেতা মাহবুব উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, অসীম কুমার উকিল, মৃণাল কান্তি দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।চীনা প্রতিনিধিদলটি গতকাল জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলীর সঙ্গেও দেখা করেন।