চীনের সহায়তার ব্যাপারে আশাবাদ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের উন্নয়ন প্রয়াসে চীন পাশে থাকবে বলে দৃঢ় আশাবাদ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন ও অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সহায়তায় বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১-এর মধ্যে উন্নত দেশে পরিণত হওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।
চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক দপ্তর-বিষয়ক ভাইস মিনিস্টার চেং ফেংজিয়াংয়ের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁও কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সমর্থনের জন্য চীন সরকার ও চীনের বন্ধুপ্রতিম জনগণের প্রতি ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের জন্য সাগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশ।
কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল নির্মাণে সহায়তার জন্য চীনকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের ব্যাপক অবদান রয়েছে।
চীনের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, তাঁর দলের এক প্রতিনিধিদলের সাম্প্রতিক সফর খুবই সফল হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আরও সফর অনুষ্ঠিত হবে।
চীনের ভাইস মিনিস্টার চেং শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, তাঁর দক্ষ নেতৃত্বে বাংলাদেশের জনগণের জীবনযাত্রার মান বাড়ছে ও অর্থনীতি এগিয়ে যাচ্ছে। তিনি চীনের আইটি খাতের উন্নয়ন সম্পর্কে জানতে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে চীন সফরের আমন্ত্রণ জানান।
প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক-বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, আওয়ামী লীগের আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ফারুক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।