চীনের সহায়তায় এলইডি বিলবোর্ড ঢাকা দক্ষিণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন সরকারের আর্থিক সহায়তায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ঝুঁকিমুক্ত ১৩টি এলইডি বিলবোর্ড স্থাপন করা হবে। বিলবোর্ড স্থাপনের উপযুক্ত স্থান নির্ধারণের জন্য দক্ষিণের মেয়র সাঈদ খোকন চীনের একটি প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে গতকাল মঙ্গলবার রাজধানীর পান্থকুঞ্জ পার্ক, শাহবাগ, নিউমার্কেট এলাকা সরেজমিন পরিদর্শন করেন।
চীনের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিং চিয়াং। পরিদর্শনকালে রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেন, দৃষ্টিনন্দন এলইডি বিলবোর্ড স্থাপন করার ফলে এসব বিলবোর্ড একদিকে যেমন নগরের সৌন্দর্যবর্ধনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করবে, তেমনি প্রাকৃতিক যেকোনো দুর্যোগে ঝুঁকি এড়ানো সম্ভব হবে। পাশাপাশি ব্যবসায়ীরা তাঁদের পণ্যের প্রচারে আরও বেশি আকৃষ্ট হবেন।
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নগরের গুরুত্বপূর্ণ আরও ১০টি স্থানে বিলবোর্ড স্থাপনের পরিকল্পনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়ররা নির্বাচিত হওয়ার পরে ঢাকার রাস্তা থেকে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় দুই সিটি করপোরেশন এ বছরের ৩১ জুলাই মেয়াদ শেষ হওয়ার পরে বিলবোর্ডের মেয়াদ নবায়ন করেনি। ফলে রাজধানীর সব বিলবোর্ডই আইনগতভাবে অবৈধ হয়ে গেছে। সিটি করপোরেশন বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ আউটডোর অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনকে ৩১ জুলাইয়ের মধ্যে সব ধরনের অবৈধ বিলবোর্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। এরপর কয়েক দফা সময় বাড়ানো হলেও ব্যবসায়ীরা বিলবোর্ড সরাতে কোনো পদক্ষেপ না নেওয়ায় সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান শুরু করে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের হিসেবে বৈধ বিলবোর্ডের সংখ্যা ১ হাজার ৯১১। ডিএসসিসির বিলবোর্ডের সংখ্যা ৪৭৬। সিটি করপোরেশনের মতে, রাজধানীতে হাজারো বিলবোর্ড আছে, যার ৯৫ শতাংশই অবৈধ।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রাজধানীর কোন রাস্তায়, কী ধরনের, কতটি বিলবোর্ড স্থাপন করা যাবে তার সুনির্দিষ্ট একটি নীতিমালা ও পরিকল্পনা তৈরির লক্ষ্যে নগর পরিকল্পনাবিদ, স্থপতি, পরিবেশবিদ, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) প্রতিনিধি, বিলবোর্ড ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ আউটডোর অ্যাডভার্টাাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। বিলবোর্ড বিষয়ে একটি নীতিমালা তৈরি করার কাজও প্রক্রিয়াধীন আছে।