চীবরদান উৎসবে পুণ্যার্থী ও ভিক্ষুদের মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ের চিংম্রং বৌদ্ধবিহারে তিন শতাধিক ভিক্ষু ও অসংখ্য পুণ্যার্থীর অংশগ্রহণে গত বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয় কঠিন চীবরদান উৎসব। উপজেলার চিৎমরম ইউনিয়নে অবস্থিত চিংম্রং বৌদ্ধবিহারকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উপাসনালয় হিসেবে মনে করে।তবে বৌদ্ধ ছাড়াও মারমা, চাকমা, তঞ্চঙ্গ্যা ও অন্যান্য ধর্মাবলম্বীরাও চিংম্রং বৌদ্ধবিহারকে অন্যতম শ্রেষ্ঠ ধর্মকেন্দ্র মনে করে। চীবর বুনন ও দান ছাড়াও ভিক্ষুদের পিণ্ডদান, ধর্মীয় পতাকা উত্তোলন, পুষ্পপূজা, বুদ্ধবন্দনা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রার্থনা ও ধর্মীয় দেশনার মধ্য দিয়ে এই উৎসব উদ্যাপন করা হয়।এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিউ মিন্ট থান, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত উ সারাহ উইরাহ, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, সদস্য অংসুই প্রু চৌধুরী, কাপ্তাইয়ে অবস্থিত চার বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. আবদুর রহমান।উদ্যাপন কমিটির আহ্বায়ক থোয়াইচিং মারমা ও সদস্যসচিব মংসুই প্রু মারমা বলেন, চিংম্রংয়ে প্রতিবছর কঠিন চীবরদান উৎসবকে ঘিরে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।