চুইঝালের মাংস ঢাকার রেস্তোরাঁয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা ১১টা। শীতের হালকা রোদ। মিরপুর চিড়িয়াখানা রোডের রাইনখোলার ঢালে পা রাখতেই মাংস কষার ভুরভুরে গন্ধ এসে নাকে লাগে। দৃষ্টি আটকে যায় একটি রেস্তোরাঁয়। সাইনবোর্ডে লেখা ‘খুলনা হোটেল’। নিচে বড় করে লেখা ‘ঐতিহ্যবাহী চুইঝালে রান্না খাসি ও গরুর মাংস পাওয়া যায়।’
‘চুইঝাল’ সম্পর্কে যাঁদের ধারণা আছে, তাঁদের জিবে পানি এসে যাবে। খোঁজ নিয়ে জানা গেল, হোটেল পুরোনো হলেও চুইঝালের মাংস বিক্রি হচ্ছে চার মাস ধরে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত এই বিশেষ মাংস পাওয়া যায়। এক টুকরো খাসির মাংস ১২০ টাকা, গরুর মাংস ১০০ টাকায় বিক্রি করা হয়।
ঢাকায় কেন চুইঝালের মাংস বিক্রি করছেন—জানতে চাইলে রেস্তোরাঁর মালিক আবুল কালাম বলেন, ‘আমার গ্রামের বাড়ি খুলনার চুকনগরে। সেখানকার আব্বাসের হোটেলের চুইঝালের খাসি ও গরুর মাংসের দারুণ খ্যাতি। আগে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চাকরি ছেড়ে ব্যবসা করছি। ভাবলাম ঢাকায় হোটেলে চুইঝালের মাংস বিক্রি করব। এ জন্য আব্বাসের হোটেলে প্রধান বাবুর্চি আবদুল ওহাবকে আমার ঢাকার হোটেলে এনেছি।’
আবুল কালাম জানান, খুলনা থেকে চুইঝাল কিনে আনেন। প্রতিদিন আট কেজি রান্না মাংস বিক্রি হয়। তবে রাজধানীবাসীর চুইঝাল সম্পর্কে ধারণা কম। প্রথম দিকে রান্না মাংসের তরকারিতে চুইঝালের টুকরো দেখলে ক্রেতারা ফেলে দিতেন। পরে চুইঝালের টুকরো চিবানো শিখলে তাঁদের আগ্রহ বেড়ে যায়।
চুইঝালের মাংসের রেসিপি
চুই একধরনের লতাজাতীয় উদ্ভিদ। এর শেকড়ের টুকরোকে বলা হয় ‘চুইঝাল’। শেকড় ছিলে টুকরো করে পানিতে ধুয়ে ফেলতে হয়। প্রথমে লবণ, তেল ও সামান্য পানি দিয়ে মাংস সিদ্ধ করে নিতে হবে। তেলের পরিমাণ অন্যান্য মাংসের তরকারির চেয়ে বেশি দিতে হবে। সিদ্ধ মাংসের সঙ্গে হলুদ, গুঁড়া বা বাটা মরিচ, গরমমসলা ও চুইঝালের টুকরো দিয়ে কষাতে হবে। কষানোর সময় আস্ত রসুন, কাটা রসুন, জিরা, তেজপাতা দিতে হবে। তবে চুইঝালের মাংসে কোনো আদা ও পেঁয়াজ দেওয়া যাবে না। এভাবে মাংস কষাতে কষাতে তেল বের হলে রান্না শেষ হবে।
আবদুল ওহাব বলেন, যত্ন নিয়ে রান্না করলে তবেই এর স্বাদ পাওয়া যায়। গরু বা ছাগলের পাঁজর ও সামনের রানের মাংস দিয়ে চুইঝাল রান্না করা হলে খেতে বেশ ভালো লাগে।
চুইঝালের মাংস খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে জনপ্রিয় খাবার। খুলনার রূপসা, পাইকগাছা, কয়রা, দাকোপ, তেরখাদা, ফুলতলা, ডুমুরিয়া, বাগেরহাটের যাত্রাপুর, মোল্লাহাট, ফকিরহাট উপজেলার অনেক বাড়িতে চুইঝালের চাষ করা হয়। প্রতি কেজি চুইঝালের শেকড় বিক্রি হয় ৬০০ থেকে ১ হাজার টাকায়। মাংস ছাড়াও মাছ, ডালসহ বিভিন্ন তরকারিতেও চুইঝাল খাওয়া যায়।