চুকা* দ্য টক শো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তড়িঘড়ি করে তৈরি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ভিটিভি থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে ‘চুকা’ শোতে তাঁর একটি গান নিয়ে কথা বলার জন্য। কবি ভাঁজ ভেঙে প্রিয় খদ্দরের পাজামা-পাঞ্জাবিটা পরলেন। ওমনি প্রমীলা দেবী ‘হায়! হায়!’ করে ছুটে এলেন। ‘করো কী! করো কী!’ বলে আঁতকে উঠলেন তিনি, ‘প্রথমবার টিভিতে যাচ্ছ, এই পোশাকটা পড়ে যাও।’ বলতে না–বলতে একদম নতুন একটা স্যুট তুলে দিলেন স্বামীর হাতে। কবির মেজাজ চড়ে গেল সপ্তমে। সপ্তম স্বরেই বললেন, ‘কী! সারা জীবন যে ইংরেজ আর সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়ে গেলাম, তুমি আমাকে তাদেরই পোশাক পরতে বলছ!’ প্রমীলা দেবী তর্কে না পেরে উঠে অন্য ঘরের দিকে চলে গেলেন। কবি শেষমেশ ওই পাজামা–পাঞ্জাবি পরেই বেরিয়ে পড়লেন ভিটিভি ভবনের উদ্দেশে।
স্টুডিওতে গিয়ে দেখেন, মানিক বন্দ্যোপাধ্যায়ও সেখানে বসা। নজরুল ভেবেছিলেন, গানের আসর টাইপের কিছু হবে। মানিককে দেখে ভাবলেন, গুরুগম্ভীর সাহিত্য আলোচনায় চলে এসেছেন। কবি কিছুটা দমে গেলেন। এদিকে অনুষ্ঠান শুরুর নাম নেই। হাবিজাবি কারণে ঘণ্টা খানেক দেরি হওয়ার পর অনুষ্ঠান শুরু হলো রাত ১২টায়। উপস্থাপক এক সবজান্তা চেহারার বালক। প্রাথমিক আনুষ্ঠানিকতা শেষে বালক নজরুলকে প্রশ্ন করলেন, ‘কবি, আপনি আমাদেড় বলুন আপনি কী মনে করে লিখেছেন “পদ্মার ঢেউ রে তোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা...” হোয়াই? ডিড ইউ নো... আপনি কি জানতেন বিশ্বব্যাংক আমাদেড় হার্ট এম্পটি করে পদ্মা ব্রিজের ঋণ চুক্তি বাতিল করে দেবে?’
উপস্থাপকের উচ্চারণ ঠিক বুঝতে পারছিলেন না নজরুল। তার ওপর নতুন একটা সুরও মাথায় ঘুরছিল অনেকক্ষণ ধরে। তাই বললেন, ‘আসলে গানটা পদ্মা নদীর মাঝি...’ এ পর্যন্ত বলার পর উপস্থাপক নজরুলের মুখের কথা কেড়ে নিয়ে বলা শুরু করলেন, ‘ওকে এবাড় আমি কোয়েশ্চেন করছি “পদ্মা নদীর মাঝি” সিনেমাড় লেখক মানিক বন্দ্যোপাধ্যায়কে। নজরুলের কথার ব্যাপারে হোয়াটস ইয়োর কমেন্ট? আপনার বক্তব্য কী?’
মানিক বন্দ্যোপাধ্যায় আবার অনেক কাগজপত্র নিয়ে এসেছেন। তাঁর পদ্মা নদীর মাঝি উপন্যাসটি অবলম্বনে যে সিনেমা হয়েছে, সেটা নাকি তাঁকে জানানোই হয়নি! এমনকি সেই সিনেমার প্রদর্শনী বাবদ উপার্জিত অর্থের কোনো অংশও নাকি পাননি এ পর্যন্ত। ‘চুকা’ শোতে কথা বলার আমন্ত্রণ পেয়ে ঠিক করেছিলেন, ব্যাপারটা অনুষ্ঠানে উপস্থাপন করবেন। তাই বক্তব্যের শুরুটা করতে চাইলেন নাটকীয়ভাবে, ‘অবশ্যই আমাকে উপেক্ষা করা হয়েছে...’। ব্যস, এতটুকু বলতে না–বলতেই উপস্থাপক বলে উঠলেন, ‘ভিউয়ার্স, আমড়া এখন বিজ্ঞাপনের জন্য...’। মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়টা মেনে নিতে পারলেন না। উপস্থাপককে থামিয়ে দিয়ে বললেন, ‘আমার কথাটা আগে শেষ করতে দিন!’ উপস্থাপক সেদিকে ভ্রুক্ষেপ না করে বলে চললেন, ‘একটা ব্রেক নিয়ে ফিড়ে আসছি। আমাদেড় এই দুজন ইম্পর্টেন্ট পারসনের ডিসকাশন শুনব। আলোচনার টপিক—পদ্মা সেতু চুক্তি বাতিল ও বিশ্বব্যাংক। আমাদেড় সাথেই থাকুন।’
(ঘণ্টা খানেক বিজ্ঞাপন বিরতিতে ঘুম চলে আসায় লেখক অনুষ্ঠানের বাকি অংশ দেখতে পারেননি। ইউটিউবের লিংক থাকলে তাঁকে পাঠাতে পারেন।)
*চুকা = টক