কোনো চুক্তি ছাড়াই ট্রানজিটের নামে ভারতকে করিডর দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে গতকাল বুধবার চার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন দেশের ২৬ বিশিষ্ট নাগরিক।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের কাছে আলাদাভাবে চারটি চিঠি পাঠানো হয়। চিঠিতে কোন চুক্তির আওতায় ভারত নৌপথে আশুগঞ্জ বন্দরে জাহাজে করে পণ্য নিয়ে আসছে ও সড়কপথে আগরতলায় পৌঁছানো হচ্ছে, তা জানতে চাওয়া হয়। চিঠি পাঠিয়েছেন অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, অধ্যাপক তালুকদার মনিরুজ্জামান, আতাউস সামাদ, মোহাম্মদ আসাফউদ্দৌলাহ্, শফিক রেহমান, ফরহাদ মজহার, আলমগীর মহিউদ্দিন, মাহমুদুর রহমান, মোহাম্মদ মাহবুব উল্লাহ, কামরুল হাসান চৌধুরী, ইউসুফ হায়দার, পিয়াস করিম, সদরুল আমিন, বোরহান উদ্দিন খান, রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমদ, কামাল উদ্দিন সবুজ, আদিলুর রহমান খান, এ বি এম ওবায়দুল ইসলাম, আবদুর রহমান সিদ্দিকী, রাজিয়া আকতার বানু, আবদুল হাই শিকদার, খন্দকার মুস্তাহিদুর রহমান, রুহুল আমিন ভূঁইয়া, নাসিম আহমেদ, এ বি এম জাবির।দেশবাসীকে চুক্তি সম্পর্কে অন্ধকারে রেখে একটি বিদেশি রাষ্ট্রকে এই করিডরসুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে বিশিষ্টজনদের পাঠানো চিঠিতে বলা হয়, তাঁদের জানা মতে, ট্রানজিটের জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো আন্তর্জাতিক চুক্তি নেই। বাংলাদেশের সড়ক ও জনপথ ভারতীয় ভারী যানবাহন বহনের উপযোগী নয়। অথচ বাংলাদেশকে করিডর হিসেবে ব্যবহার করে ভারত ভারী যানবাহন ও পণ্য তাদের দেশের এক অংশ থেকে অন্য অংশে নিয়ে যাচ্ছে। চিঠিতে বলা হয়, দেশের প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বলেছেন, তিস্তা চুক্তি না হওয়া পর্যন্ত ট্রানজিট চুক্তি হবে না। কিন্তু এখন জানা যাচ্ছে, ২০১১ সালের ১৮ অক্টোবর থেকে ভারতের জন্য ট্রানজিটসুবিধা কার্যকর করা হয়েছে। পুরো বিষয়টি কয়েকটি প্রশ্নের জন্ম দিয়েছে। চিঠিতে এক মাসের মধ্যে এসব প্রশ্নের জবাব চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।