চুক্তি নবায়ন না হওয়ায় চা-শ্রমিকদের ক্ষোভ
আইনি জটিলতার কারণে আট মাসেও বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) ও চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে চুক্তি নবায়ন হয়নি। চুক্তি নবায়নের বৈঠক না হওয়ায় চা-শ্রমিক ইউনিয়নের নেতারা ক্ষুব্ধ। ক্ষোভ সাধারণ শ্রমিকদেরও। সরকার নিয়োজিত চা-শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক কমিটি চুক্তি নবায়নে বৈঠকে বসার জন্য মালিক পক্ষকে ১৬ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। চা-শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মাখন লাল কর্মকার-রামভজন কৈরি-সমর্থিত অপর অংশটি ৩১ মে পর্যন্ত সময় দিয়েছে। এ সময়ের মধ্যে নিজেদের সমর্থিত অংশের সঙ্গে বিটিএর বৈঠক শুরু না হলে উভয় অংশের নেতারাই আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছেন। চা-শ্রমিক ইউনিয়ন ও বিটিএ সূত্রে জানা গেছে, মালিক পক্ষের সংগঠন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন (বিটিএ) ও শ্রমিকদের সংগঠন চা-শ্রমিক ইউনিয়নের মধ্যে প্রতি দুই বছর পর একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী দেশের ১৬৫টি চা-বাগানে কর্মরত প্রায় ৮৫ হাজার শ্রমিক মজুরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। চা-শ্রমিক ইউনিয়নের উভয় অংশের নেতারা জানান, সর্বশেষ চুক্তির মেয়াদ গত বছর (২০১১) ৩১ আগস্ট শেষ হয়েছে। এরপর শ্রমিক ইউনিয়নের বিবদমান দুই পক্ষ দাবিনামা (চার্টার অব ডিমান্ড) বিটিএর কাছে পেশ করেছে। কিন্তু বৈঠক বা চুক্তি সই কোনোটাই হয়নি। ভাড়াউড়া চা-বাগানের লাইলী বেগম, ভুরভুরিয়া চা-বাগানের মহেশ্বর হাজরা, কাকিয়াছড়া চা-বাগানের সুবল নায়েক, সাতগাঁও চা-বাগানের অনন্য বাগতি, মির্জাপুর চা-বাগানের বিষ্ণু লোহারসহ আরও কয়েকজন শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, পুরোনো চুক্তি অনুযায়ী তাঁদের মজুরি ও রেশন দেওয়া হচ্ছে। এ দিয়ে সংসার চালানো যায় না। সব জিনিসপত্রের দাম বহু গুণ বেড়ে গেছে। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্রথমবারের মতো শ্রম পরিদপ্তরের পরিচালনায় চা-শ্রমিক ইউনিয়নে (রেজিস্ট্রেশন নম্বর-বি-৭৭) শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়। এ নির্বাচনে মাখন লাল কর্মকার-রামভজন কৈরি-সমর্থিত অংশটি জয়ী হয়। কিন্তু ২০০৯ সালের ২৪ নভেম্বর শ্রম পরিদপ্তর ইউনিয়নের নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে বিজয় বুনারজিকে আহ্বায়ক করে ৩০ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। বিজয় বুনারজি ক্ষমতাসীন দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচনে পরাজিত প্রার্থী। নির্বাচিত কমিটিকে পাশ কাটিয়ে শ্রম পরিদপ্তরের আহ্বায়ক কমিটি গঠনের বৈধতা প্রশ্নে শ্রম আদালতে মামলা করেন মাখন-রামভজন-সমর্থিত অংশ। শ্রম আদালত আহ্বায়ক কমিটি গঠন অবৈধ বলে রায় দেন। মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এবারের মে দিবসে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আহ্বায়ক কমিটি সমাবেশের আয়োজন করে। এ সমাবেশ থেকে ১৫০ টাকা মজুরি, এক কেজি রেশন, বছরে ২০ দিন ছুটিসহ ১৮ দফা দাবি জানিয়ে ১৫ মের মধ্যে চুক্তি নবায়নে মালিক পক্ষকে তাদের সঙ্গে বৈঠকে বসার আহ্বান জানানো হয়। ওই দিনই মাখন-রামভজন-সমর্থিত চা-শ্রমিক ইউনিয়নের অপর অংশটি শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানে সমাবেশ করে। সমাবেশ থেকে ১২০ টাকা মজুরি, বছরে নয় হাজার টাকা উৎসব-ভাতা, শ্রমিকদের ভূমির অধিকারসহ ২০ দফা বাস্তবায়নের দাবি জানিয়ে ৩১ মের মধ্যে চুক্তি নবায়নে তাদের সঙ্গে মালিক পক্ষকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে বৈঠকে না বসলে শ্রমিক নেতারা কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন। বিজয় বুনারজি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে বৈঠক না হলে চা-বাগানে ধর্মঘটের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ অপর অংশের সাধারণ সম্পাদক রামভজন কৈরি বলেন, ‘বাগানে বাগানে সমাবেশ, কর্মবিরতিসহ লাগাতার ধর্মঘটও ডাকা হতে পারে।’ বিটিএর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, চা-শ্রমিক ইউনিয়নের দুই অংশই ‘চার্টার অব ডিমান্ড’ পেশ করেছে। শ্রমিক ইউনিয়নের কোন অংশের সঙ্গে বিটিএ চুক্তি করবে এ বিষয়ে নির্দেশনা চেয়ে সেপ্টেম্বরের শেষদিকে শ্রম পরিচালককে (ডিএল) চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো জবাব পাওয়া যায়নি। তবে শ্রমিকদের উভয় অংশকেই উৎপাদনের স্বার্থে আন্দোলনের কর্মসূচি না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।