চুক্তি না হলেও তিস্তার পানি ঠিকঠাক আসছে
ভারতের সঙ্গে চুক্তি না হলেও তিস্তার পানি বাংলাদেশ ঠিকঠাক পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।গওহর রিজভী বলেন, ‘চুক্তি না হলেও আমাদের শেয়ারের পানির কিন্তু কমতি হয়নি। আমাদের শেয়ারের পানি ঠিকই আসছে। এটা ঠিক, তিস্তা চুক্তি এখনো হয়নি। তবে এটা হবে। কবে হবে, সেটা বলতে পারছি না। শিগগিরই হবে।’ গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলন আয়োজিত ‘সম্প্রীতি ও সমৃদ্ধির স্বার্থে আঞ্চলিক ঐক্য’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ভৌগোলিক অবস্থান। আমাদের যোগাযোগ ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারি, তা হলে দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় আমরা হব বাণিজ্য কেন্দ্র (হাব)। এ ক্ষেত্রে ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি এড়িয়ে আমরা যদি উপ-আঞ্চলিক সহযোগিতার বিষয়টি জোরদার করতে পারি, তা হলে আমরা সবাই লাভবান হব। অভ্যন্তরীণভাবে আমরা নানা কাজ করছি। মংলা এবং চট্টগ্রাম বন্দরের সুযোগ-সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন চলছে।’গওহর রিজভী বলেন, ‘বিদ্যুৎ-সমস্যা সমাধান করতে পারলে আমাদের প্রবৃদ্ধি বাড়বে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে যৌথভাবে বিদ্যুৎকেন্দ্র করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে অতিরিক্ত বিদ্যুৎ আমরা রপ্তানি করব।’সরকারের তিন বছরে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করে গওহর রিজভী বলেন, ‘৪০ বছরে দুই দেশের মধ্যে যেসব সমস্যা ছিল, তা আমরা এ সরকারের আমলে সমাধান করেছি। তিনবিঘা করিডর দিয়ে এখন ২৪ ঘণ্টা বাংলাদেশিরা আসছে-যাচ্ছে। সীমান্তে এ দেশের কিছু জমি ভারতের ছিল আর ভারতের কিছু জমি ছিল বাংলাদেশের কাছে। আমরা এর সমাধান করেছি শুধু মানচিত্রের সীমারেখা বদলে দিয়ে।’আয়োজক সংগঠনের সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বশান্তি ও মানবাধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক ফণীন্দ্র সরকার। বক্তব্য দেন বিশ্বশান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন, গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক শহীদুল্লাহ শিকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য কাজল দেবনাথ, কৃষক লীগের নেতা রোকন উদ্দীন আহমেদ প্রমুখ।