চুক্তি বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তির প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে সিলেট নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নগরের আম্বরখানা এলাকায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়। জেলা বাসদের সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশে বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, জুবায়ের আহমদ চৌধুরী সুমন, অনিক দেবনাথ, নাজিকুল ইসলাম রানা, শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক শাজাহান আহমদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সরকার সব জনমত, বিশেষজ্ঞদের মতামত, পরিবেশবিদদের মতামত উপেক্ষা করে সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চুক্তি করছে। একদিকে পরিবেশ রক্ষার আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ, অন্যদিকে পরিবেশ বিধ্বংসী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনকে দ্বিচারিতা বলে সমালোচনা করেন বক্তারা।