চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে চাচ্ছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বাস্তবায়ন আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। সে কারণে জনগণের দাবি উপেক্ষা করে রাঙামাটিতে জোর করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ চাপিয়ে দিতে চাচ্ছে। সরকারের এসব সিদ্ধান্ত প্রতিহত করতে হবে। সন্তু লারমা-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার বার্ষিক সম্মেলনে বক্তারা এই অভিযোগ করেন।
গতকাল বৃহস্পতিবার শহরের ভেদভেদি এলাকায় রাঙামাটি সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার। তিনি বলেন, চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। পার্বত্য এলাকার উন্নয়নের স্বার্থে চুক্তি বাস্তবায়ন জরুরি। এ জন্য ছাত্রসমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, কেউ উচ্চশিক্ষার বিরুদ্ধে নয়; তবে তার আগে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নিতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক পলাশ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির সভাপতি সুনির্মল দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তন্দ্রা ত্রিপুরা প্রমুখ।