চুক্তি বাস্তবায়ন ছাড়া অস্তিত্ব রক্ষা সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুক্তি বাস্তবায়ন নিয়ে মিথ্যাচারকারীদের উচিত জবাব দিতে ছাত্র যুবসমাজকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। চুক্তির যথাযথ বাস্তবায়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের অস্তিত্ব রক্ষা সম্ভব নয়।
গতকাল শনিবার পার্বত্য চুক্তি স্বাক্ষরের ১৬ বছর পূর্তি উপলক্ষে চুক্তি বাস্তবায়নসহ চার দফা দাবিতে আয়োজিত সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকের সামনে সমাবেশে চুক্তির শর্ত মোতাবেক সব অস্থায়ী সেনাছাউনি প্রত্যাহার, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন দ্রুত সংশোধন করে ভূমি বিরোধ নিষ্পত্তি এবং চুক্তিবিরোধী সশস্ত্র সন্ত্রাস নিষিদ্ধের দাবি জানান বক্তারা। তাঁদের অভিযোগ, ১৬ বছরে শাসকগোষ্ঠী চুক্তি বাস্তবায়নের সঠিক তথ্য না দিয়ে মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ত্রিজিনাদ চাকমা, যুব সমিতির তথ্য ও প্রচার সম্পাদক পাপুল বিকাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সহসভাপতি অন্তিক চাকমা প্রমুখ।
এর আগে সকালে শহরের উত্তর কালিন্দীপুরের জনসংহতি সমিতির জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।