আওয়ামী লীগ পার্বত্য চুক্তি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও এ চুক্তি বাস্তবায়নে কোনো উদ্যোগ নিচ্ছে না। এ চুক্তি বাস্তবায়ন ছাড়া পাহাড়ে শান্তি ফিরে আসবে না। বর্তমানে ৪৬টি ক্ষুদ্র জনগোষ্ঠী উগ্র জাতীয়তাবাদ ও ভূমিদস্যুদের শোষণ- নিপীড়নের মধ্যে আছে। এদের কবলে পড়ে অনেকেই শেষ সম্বলটুকুও হারিয়েছেন।বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এক সমাবেশে গত শুক্রবার প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা এসব কথা বলেন।জনসংহতি সমিতির বাইশারী শাখা এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন বাইশারী মৌজার হেডম্যান মংচানু মারমা। বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং বলেন, ‘যে যায় লঙ্কায় সে হয় হনুমান। এ সরকারের অবস্থাও তাই।’সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা জনসংহতি সমিতির সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন, বাইশারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জালাল আহম্মেদ ও জেএসএস নেতা নিলামং চাকমা প্রমুখ।