বোমাং রাজার অভিষেক অনুষ্ঠানে সন্তু লারমা
চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পার্বত্যবাসী নিরাপত্তাহীন
পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, ‘পার্বত্য চট্টগ্রামের বর্তমান বাস্তবতার প্রেক্ষাপটে আমরা ভালো নেই। যে আশা-আকাঙ্ক্ষা ও নিরাপত্তার জন্য পার্বত্য চুক্তি হয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় এ অঞ্চলের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।’ গতকাল মঙ্গলবার বান্দরবানে ষোড়শ বোমাং রাজা বা চিফ ক্য সাইন প্রু চৌধুরীর (কে এস প্রু) অভিষেক অনুষ্ঠানে সন্তু লারমা এ কথা বলেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাজসিক অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আবদুস সামাদ। আরও উপস্থিত ছিলেন বিভাগী কমিশনার সিরাজুল হক খান, ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল শামস-উল হুদা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন তহবিলের কর্মসূচি সমন্বয়ক রবার্ট স্টোলম্যান, রাজপরিবারের প্রবীণ সদস্যরা, সামরিক-বেসামরিক কর্মকর্তারা ও ঐতিহ্যপ্রিয় লোকজন। বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান পার্বত্য চুক্তি বাস্তবায়ন স্থবির হয়েছে স্বীকার করে বলেছেন, ‘চুক্তির সারাংশ আমার কম্পিউটারে তৈরি হয়েছিল। সেই চুক্তি এখনো পূর্ণাঙ্গ বাস্তবায়িত হয়নি। তবে অবাস্তবায়িত বিষয়গুলোতে উভয় পক্ষের মতপার্থক্য খুবই কম। এ জন্য চুক্তি বাস্তবায়নে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে।’ সন্তু লারমা বোমাং রাজা কে এস প্রু চৌধুরীকে সরকার ও শাসকগোষ্ঠীর কাছে পার্বত্য অঞ্চলের মানুষের সমস্যা অনুধাবন করাতে সাহসী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। ঐতিহ্য অনুযায়ী নবনিযুক্ত বোমাং রাজা কে এস প্রু চৌধুরীর হাতে রাজতরবারি তুলে দেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। অভিষেক হওয়ার পর ঐতিহ্যগত নিয়মে রাজপরিবারের সদস্যরা, হেডম্যান (মৌজাপ্রধান), কার্বারি (পাড়াপ্রধান) ও প্রজারা রাজা কে এস প্রু চৌধুরীকে প্রণাম করেন।