চুক্তি বাস্তবায়নে কর্মপরিকল্পনা চায় তিনটি সংগঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য এ মাসের মধ্যে সময়সূচি-ভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষণার দাবি জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও হিল উইমেন্স ফেডারেশন। একই সঙ্গে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করার দাবি জানিয়েছে তারা। দাবি পূরণ না হলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে হরতাল-অবরোধসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি (সন্তু লারমা) সমর্থিত এ তিনটি সংগঠন।
গতকাল রোববার বেলা ১১টায় রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ ফটকে সমাবেশ করে ওই তিন সংগঠন। সমাবেশ থেকে বক্তারা ওই দাবি তোলেন। তাঁরা অভিযোগ করেন, সরকার পাহাড়িদের ভূমি বেদখল ও সংখ্যালঘুতে পরিণত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কথা বলছে। পার্বত্য এলাকায় শিক্ষার উন্নতি নিয়ে চিন্তা করলে দুর্নীতির আশ্রয় নিয়ে অযোগ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধ করা হতো। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার উন্নতি ছাড়া উচ্চশিক্ষার প্রসার সম্ভব নয় বলে বক্তারা উল্লেখ করেন।
গত বছরের জানুয়ারিতে রাঙামাটি মেডিকেল কলেজ ও নভেম্বরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
বক্তারা বলেন, ১৮ বছরেও পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়া হতাশাজনক। এখন হতাশা থেকে ক্ষোভের জন্ম হয়েছে। আন্দোলন শুরু হলে আর পেছনে ফিরে তাকানো হবে না। চুক্তি বাস্তবায়নে যা করা প্রয়োজন, ছাত্র-যুবসমাজ তা করবে।
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি টোয়েন চাকমা, রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক অরুণ ত্রিপুরা, সদর উপজেলা সভাপতি পহেল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রিন্টু চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি কলেজ শাখার সভাপতি আশিকা চাকমা।