চুক্তি বাস্তবায়নে পার্বত্য নারীদের সংগঠিত হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, পার্বত্যচুক্তি বাস্তবায়ন আন্দোলনে পার্বত্য নারীদের আরও সংগঠিত ও সাহসী হতে হবে।গতকাল শুক্রবার রাঙামাটি আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র কার্যালয় চত্বরে আয়োজিত পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যোতিপ্রভা লারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, পার্বত্য চট্টগ্রাম গুর্খা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এ কে নেওয়ার, নারীনেত্রী নীলিমা চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা।আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দাবি ও পার্বত্য নারীদের অধিকার প্রতিষ্ঠায় পার্বত্যচুক্তি বাস্তবায়নের আন্দোলন জোরদার করার আহ্বানের মধ্য দিয়ে জনসংহতি সমিতির সহযোগী সংগঠন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির ১১তম সম্মেলন অনুষ্ঠিত হয়।সন্তু লারমা দীর্ঘ সময়েও পার্বত্যচুক্তি বাস্তবায়ন না হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘আপনি যে আশ্বাস ও বুকভরা ভালোবাসা দিয়ে চুক্তি করেছেন, সেই আশ্বাস আর ভালোবাসা কি রক্ষা করতে পেরেছেন?’সন্তু লারমা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের স্থানীয় মন্ত্রী, সাংসদের পার্বত্যচুক্তি বাস্তবায়নের ব্যাপারে মুখে এক কথা বলেন, আর কাজে করেন অন্যটা। পার্বত্য চট্টগ্রামের অপর আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে নিষিদ্ধ ঘোষণার দাবি জানান সন্তু লারমা। তিনি অভিযোগ করেন, জনসংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস ও পার্বত্যচুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে একটি বিশেষ মহল ইউপিডিএফ সৃষ্টি করেছে।