চুক্তি বাস্তবায়নের দাবি, নইলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য এলাকার মানুষ আর আশার বাণী শুনতে চায় না। এবার কাজেকর্মে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়ন দেখতে চায়। অবিলম্বে চুক্তি বাস্তবায়নের কাজ শুরু করতে হবে। নইলে আগামী বছরের শুরু থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।চুক্তির ত্রয়োদশ বার্ষিকী উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় সহসভাপতি ঊষাতন তালুকদার গতকাল বৃহস্পতিবার রাঙামাটি শহরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন। দিবসটি উপলক্ষে গতকাল রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা বের হয়।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাঙামাটি: বেলা ১১টায় শহরের কে কে রায় সড়কের জিমনেসিয়াম চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। অনুষ্ঠানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, দেশের ঐক্য, শান্তি ও উন্নয়নের স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন করতে হবে।সমাবেশে আরও বক্তব্য দেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক আবু হানিফ, জেএসএসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা, অহমিয়া গুর্খা ঐক্য পরিষদের সভাপতি সুখময় রাভা প্রমুখ। সমাবেশ শেষে শহরে মিছিল বের হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকার ও জেএসএসের মধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়। দিবসটি উপলক্ষে রাঙামাটি জেলা আওয়ামী লীগ গতকাল শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সভা করে। সভায় চুক্তি বাস্তবায়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। রাঙামাটি জেলা শাখা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, প্রেসক্লাবের সভাপতি সুনীল কান্তি দে প্রমুখ।কাপ্তাই (রাঙামাটি): জেএসএস কাপ্তাই শাখার উদ্যোগে উপজেলায় গতকাল সমাবেশ ও শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কাপ্তাই-চট্টগ্রাম ও কাপ্তাই-রাঙামাটি সড়ক প্রদক্ষিণ করে।বান্দরবান: ১৩ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে জেএসএস নেতা-কর্মী ও সমর্থকেরা সকালে জেলা শহরে বিক্ষোভ মিছিল করে। পরে শহরের টাউন হলে জেএসএসের জেলা শাখার সভাপতি সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, জেএসএসের কেন্দ্রীয় রাজনীতি-বিষয়ক সম্পাদক লক্ষ্মীপ্রসাদ চাকমা, ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লা মং চাক প্রমুখ।এদিকে জেলা আওয়ামী লীগ পার্বত্য চুক্তি স্বাক্ষর ও বাস্তবায়নের সাফল্য তুলে ধরে আনন্দ মিছিল করে। মিছিল শেষে তারা শিশু একাডেমী চত্বরে সমাবেশ করে। জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুচিত্রা তঞ্চঙ্গ্যা, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডমেচিং মারমা প্রমুখ।খাগড়াছড়ি: বেলা একটায় সদর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে জেএসএস নেতারা জাতির বৃহত্তর ঐক্যের স্বার্থে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের আহ্বান জানান। জেএসএস (বিক্ষুদ্ধ) কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য কাকলী খীসার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিটির কো-চেয়ারম্যান ও আঞ্চলিক পরিষদ সদস্য রূপায়ন দেওয়ান, সদস্যসচিব তাতিন্দ্র লাল চাকমা, উপজেলার চেয়ারম্যান সুদর্শন চাকমা প্রমুখ।