চুক্তি বাস্তবায়নের প্রতিফলন দেখছিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকারের বক্তব্য পার্বত্য চুক্তি বাস্তবায়নে আন্তরিক মনে হলেও বাস্তবে এর প্রতিফলন দেখছিনা। চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য অঞ্চলে অস্থিরতা এবং আদিবাসী ও স্থায়ী বাঙালিদের নিরাপত্তাহীনতা বাড়ছে।গতকাল সোমবার বান্দরবানে পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) জেলা কমিটির কাউন্সিলে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।আলোচনা সভা শেষে মংসেতু মারমাকে সভাপতি ও নিত্যলাল চাকমাকে সাধারণ সম্পাদক করে পিসিপি বান্দরবান জেলা শাখার ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।স্থানীয় টাউন হলে পিসিপির বিদায়ী সভাপতি উথোয়াইগ্য মারমার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেএসএসের জেলা সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য সাধুরাম ত্রিপুরা। বক্তব্য দেন হিল উইমেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক চঞ্চলা চাকমা, জেএসএসের কেন্দ্রীয় সদস্য বিধায়ক চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নিটোল চাকমা প্রমুখ।সন্তু লারমা বলেন, চুক্তি বাস্তবায়ন কমিটির সম্প্রতি নেওয়া সিদ্ধান্তগুলোও কার্যকর করা হয় কি না, এ ব্যাপারে সন্দেহ রয়েছে। সরকারের হাবভাবে এই সন্দেহ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সন্তু লারমা অভিযোগ করেন, চুক্তি বাস্তবায়নের আশ্বাস ও উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। পার্বত্য অঞ্চলের আদিবাসী ও স্থায়ী বাঙালিরা সব ক্ষেত্রে প্রতারণার রাজনীতির শিকার হচ্ছে।