চুক্তি বিরোধীদের বর্জনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তি বিরোধী জাতীয় ও আঞ্চলিক রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিকভাবে বর্জন করার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। একই সঙ্গে চুক্তির যথাযথ বাস্তবায়নের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন আরও বেগবান করার ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল বুধবার পার্বত্য চুক্তির ১৮তম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকার কুমার সমিত রায় জিমনেসিয়াম চত্বরে জনসংহতি সমিতি আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সন্তু লারমা।
সন্তু লারমা বলেন, জুম্ম জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। চুক্তি বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রামে হরতাল-অবরোধ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট, পার্বত্য চুক্তি বিরোধিতার মাধ্যমে গড়ে ওঠা পর্যটনকেন্দ্রে না যাওয়া, সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস বর্জন করা, আদালত বর্জন করে সামাজিক আদালতের মাধ্যমে বিচার নিষ্পত্তি করাসহ ১০টি নতুন কর্মসূচিও সমাবেশে ঘোষণা করেন তিনি।
সমাবেশে সন্তু লারমা অভিযোগ করেন, সরকারের প্রকাশ্য ভূমিকা না থাকলেও নানাভাবে পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে। জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্ত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজটি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, পার্বত্য চুক্তির যারা বিরোধিতা করে তারা রাষ্ট্রের বিরুদ্ধে বিরোধিতা করে। রাষ্ট্রের শান্তির জন্য এ চুক্তি হয়েছে। সরকারের উচিত চুক্তি বিরোধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। তিনি বলেন, অনন্তকাল ধরে চুক্তি বাস্তবায়নের কাজ চলতে পারে না।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের জনপ্রতিনিধিরা যদি বলেন পার্বত্য চুক্তি বাস্তবায়ন হয়েছে সেটার মতো দুঃখজনক কথা আর হতে পারে না।’
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য সাধুরাম ত্রিপুরার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাহমান নাসির উদ্দিন, বাংলাদেশ জাতীয় আদিবাসী ফোরামের সভাপতি রবীন্দ্রনাথ সরেন, জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, সহসাংগঠনিক সম্পাদক কে এস মং মারমা, কেন্দ্রীয় সদস্য উদয়ন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা প্রমুখ।
গতকাল সকাল থেকে তিন পার্বত্য জেলার বিভিন্ন এলাকা থেকে সড়ক ও নৌপথে হাজার হাজার মানুষ সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশের কারণে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রাম-রাঙামাটি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চট্টগ্রামগামী যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।