চুক্তি লঙ্ঘন করে গাছ বেচলেন চেয়ারম্যান
বেসরকারি সংস্থা প্রশিকার সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করে ও বন বিভাগের অনুমতি ছাড়াই ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ২৬০টি গাছ সাড়ে সাত লাখ টাকায় বিক্রি করেছেন। গত শুক্র ও শনিবার নিলাম ডেকে গাছগুলো বিক্রি করা হয়। নিলাম বাতিল করার জন্য প্রশিকা গত শুক্রবার ভোলা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছে।লিখিত অভিযোগ ও উপকারভোগীদের সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রশিকা ও এর উপকারভোগী সদস্যরা ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুরের কাপেরহাট-সুলতানী সড়কের আট কিলোমিটারের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগায়। রাজাপুর ইউপির সঙ্গে করা চুক্তি অনুযায়ী, গাছের বয়স ১৫ বছর হওয়ার পর এগুলো বিক্রি করে পাওয়া মূল্য থেকে উপকারভোগীদের ৬০ ভাগ ও পরিষদকে ৪০ ভাগ দেওয়ার কথা।ভোলা প্রশিকার এলাকা সমন্বয়কারী জিয়াউল হাসান জানান, ২০০৬ সালে গাছ বিক্রির উপযুক্ত হলেও নানা সমস্যার কারণে প্রশিকা গাছ বিক্রি করতে পারেনি। এ জন্য তারা ইউপির চেয়ারম্যান রেজাউল হকের কাছে সময় চেয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান চুক্তি লঙ্ঘন করে গাছগুলো বিক্রি করে দিয়েছেন। এ অবস্থায় তাঁরা এই নিলাম বাতিল করে সব পক্ষের উপস্থিতিতে নিলাম ডাকার আহ্বান জানিয়েছেন।চেয়ারম্যান রেজাউল হক বলেন, ‘প্রশিকার সঙ্গে চুক্তি শেষ হয়েছে ২০০৬ সালে। কিন্তু প্রশিকাকে গাছ বিক্রি করার কথা বললেও তারা এ বিষয়ে আগ্রহ দেখায়নি। এখানে বাস্তবতা হচ্ছে, উত্তর রাজাপুর একটি ভাঙনকবলিত এলাকা। ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকজন চুরি করে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। এতে ইউনিয়ন পরিষদ ও উপকারভোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই বাধ্য হয়ে আমি গাছগুলো বিক্রি করেছি। এখানে কোনো কিছু গোপন করা হয়নি। উপকারভোগীরা তাদের টাকা বুঝে পাবে।’উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান বলেন, যেকোনো গাছ নিলাম, বিক্রি, কাটা ও বহনের জন্য বন বিভাগের অনুমোদন লাগবে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিউর রহমান বলেন, বিষয়টি জানার পর চেয়ারম্যানকে নিলাম বন্ধ রাখার জন্য বলা হয়েছে।