চুক্তি সই, চার বছরেই পদ্মা সেতু

অবশেষে পদ্মা সেতু নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হলো। ১২ হাজার ১৩৩ কোটি টাকায় পদ্মা সেতুর মূল অবকাঠামো নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি সই করেছে চীনা কোম্পানি চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। চুক্তি মোতাবেক ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতু তৈরি করতে চার বছর সময় লাগবে।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এই চুক্তি সই হয়। পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম এবং চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির চেয়ারম্যান লিউজিমিং নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন। চুক্তি সই অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।
চুক্তি সইয়ের পর ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দুই-তিন মাসের মধ্যে পদ্মা সেতুর কাজ শুরু হবে এবং ২০১৮ সালে সাধারণের চলাচল শুরু হবে।’
চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডকে ২ জুন পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে কার্যাদেশ দেয় সরকার। গত ২২ মে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণে চীনা কোম্পানির দরপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়।