যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাদের যে প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তৈরি পোশাক নিচ্ছে, তারা বাংলাদেশের কারখানাগুলোকে অগ্নিনির্বাপণ ও ইমারত নির্মাণ বিধিমালা মেনে চলতে বাধ্য করাসংক্রান্ত চুক্তিতে সই করবে কি না, সে বিষয়ে তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে।গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেনিফার সাকি নিয়মিত ব্রিফিংয়ের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।ওই মুখপাত্র বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রতিষ্ঠানগুলো নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে। তা ছাড়া বাংলাদেশের সঙ্গে আমাদের একটা সংলাপ চলছে। বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশের উন্নয়নে সে দেশের সরকার ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।’ওই মুখপাত্র আরও বলেন, ‘পোশাক কারখানায় কাজের পরিবেশ ও মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা উচিত বলেই আমরা মনে করি।’ ইউএনবি।