বিশ্বের অনেক দেশের চেয়ে কম খরচে বাংলাদেশে ওষুধ উৎপাদন করা হয়। ইউরোপ, আমেরিকাসহ উন্নত দেশে উৎপাদন খরচ বেশি হওয়ায় এসব দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো অনুন্নত দেশের প্রতিষ্ঠানকে চুক্তিতে কাজ দেয়। তবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো বিষয়টি না জানায় এ সুযোগ নিতে পারছে না।রাজধানীর একটি হোটেলে গতকাল রোববার ‘কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ফর ফার্মাসিউটিক্যালস অ্যান্ড বায়োটেক কোম্পানিজ’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটি এবং গ্লোবাল স্ট্রাটেজি এক্সচেঞ্জ (জিএসই) যৌথভাবে দুই দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে।সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ওষুধশিল্প বর্তমানে দেশের অগ্রাধিকার খাতে পরিণত হয়েছে। কিন্তু এ শিল্পের সমৃদ্ধির জন্য ওষুধের মান নিয়ে নানা ধরনের পরীক্ষা ও গবেষণা করতে হবে। ওষুধ নিয়ে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও গবেষণাগার স্থাপন করা হবে।বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস সোসাইটির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, দেশের ওষুধ কোম্পানিগুলো বর্তমানে বিশ্বের ৬০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করে। প্রতিবছর ওষুধ রপ্তানি করে ছয় হাজার কোটি টাকা আয় হচ্ছে। ওষুধ তৈরিতে এখনো দেশে আমদানি-নির্ভরতা রয়েছে।