চুক্তিতে নিয়োগ, তবু তিনি গুরুত্বপূর্ণ দুই দায়িত্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চুক্তিভিত্তিক দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর চৌধুরীকে তাঁর পদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রোববার দুপুর ১২টার দিকে তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্বভার বুঝে নিয়েছেন। একজন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীকে এ পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
১৯৯৫ সালের পর থেকে রেজিস্ট্রার পদে পূর্ণাঙ্গ নিয়োগ দেওয়া হচ্ছে না। প্রায় অর্ধযুগ ধরে ভারপ্রাপ্ত হিসেবে এ পদে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকেরা দায়িত্ব পালন করে আসছিলেন। বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে রেজিস্ট্রার পদে সমিতির আওতাভুক্ত একজন জ্যেষ্ঠ নিয়মিত কর্মকর্তাকে নিয়োগ দেওয়ার দাবিতে চিঠি দেন। এরপর গতকাল ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলমগীর চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদে নিয়োগ দেওয়া হয়। তবে এক বছরেরও বেশি সময় ধরে চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারী আলমগীর চৌধুরীর সমিতির সদস্যপদ নেই। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে যেমন তীব্র ক্ষোভ দেখা দিয়েছে, তেমনি জ্যেষ্ঠ শিক্ষকেরাও এর প্রতিবাদ জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক রশিদুল হায়দার প্রথম আলোকে বলেন, ‘আমাদের সমিতির অন্তর্ভুক্ত ও বিশ্ববিদ্যালয়ের নিয়মিত নিয়োগপ্রাপ্ত একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ দেওয়ার জন্য উপাচার্য মহোদয়কে গত শনিবার চিঠি দিয়েছিলাম।’
জানা গেছে, বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি আলমগীর চৌধুরীর নিয়োগের বিষয়ে কয়েক দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানাবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, রেজিস্ট্রার পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ। এখানে এমন একজনকে নিয়োগ দেওয়া উচিত, যিনি হবেন প্রশাসনিক কাজে দক্ষ। কিন্তু তার বদলে নিয়োগ দেওয়া হয়েছে একজন প্রকৌশলীকে। যিনি দীর্ঘদিন চুক্তিভিত্তিক হিসেবে কাজ করছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিমের সঙ্গে যোগাযোগ করে তাঁকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।