চুক্তিতে বাড়তি ভাড়ায় যাতায়াত হলে কোম্পানি, চালক ও যাত্রীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইড শেয়ারিং সেবা
ফাইল ছবি

রাইড শেয়ারিং সেবায় অ্যাপ ছাড়া চুক্তিতে যাত্রী পরিবহন করে বাড়তি ভাড়া আদায় করলে সেবাদানকারী প্রতিষ্ঠান, মোটরযানের মালিক, চালক ও ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

গণমাধ্যমে প্রকাশের জন্য দেওয়া এ–সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ বলেছে, চুক্তিভিত্তিক যাত্রী পরিবহন ও বাড়তি ভাড়া আদায়সংক্রান্ত যেকোনো অভিযোগ সংস্থাটির রাইড শেয়ারিং শাখার সহকারী পরিচালককে (ইঞ্জিনিয়ারিং) দেওয়া যাবে।

তিনি বনানীতে সদর কার্যালয়ে বসেন। তাঁর সঙ্গে ০১৭১৪-৫৫৬৫৭০ অথবা ০২-৫৫০৪০৭৪৫ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। ই–মেইলে ([email protected]) অভিযোগ দাখিল করতে হবে।

বিআরটিএ তাদের বিজ্ঞপ্তিতে বলেছে, রাইড শেয়ারিং সেবা পরিচালিত হয় রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা–২০১৭ অনুসারে। এতে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং ও নির্দিষ্ট পরিমাণ ভাড়া আদায়ের শর্ত রয়েছে। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে, কতিপয় চালক অ্যাপে না গিয়ে চুক্তিতে বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন করছেন, যা নীতিমালার পরিপন্থী।