চুক্তিবিরোধী কাজ করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনসংহতি সমিতির (জেএসএস) নেতারা অভিযোগ করেছেন, সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন না করে উল্টো চুক্তিবিরোধী কাজ করছে। দ্রুত পার্বত্য চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া না হলে আগামী ১ মে থেকে অসহযোগ আন্দোলন শুরু হলে
তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।
গতকাল শুক্রবার জনসংহতি সমিতির বান্দরবান জেলা শাখার দুই দিনের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে নেতারা এ অভিযোগ করেন। জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নোয়াপতং ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে গতকাল সকাল নয়টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা ও বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। সভাপতিত্ব করেন বান্দরবান জেলা শাখার সভাপতি সাধুরাম ত্রিপুরা মিল্টন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় ভূমিবিষয়ক সম্পাদক চিংহ্লামং চাক, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান ক্যবামং মারমা, রুমা উপজেলা চেয়ারম্যান অংথোয়াইচিং মারমা ও বান্দরবান সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াইচিং প্রু মারমা, নোয়াপতং ইউপির চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, বান্দরবান সদর উপজেলা সভাপতি উশৈচিং মারমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি উবাসিং মারমা প্রমুখ।
সম্মেলনে জেলার সাতটি উপজেলার শতাধিক কাউন্সিলর ও কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। আজ শনিবার কাউন্সিলররা দুই বছরের জন্য জেলা কমিটি নির্বাচন করবেন।