চুক্তিভিত্তিক কর্মীদের চাকরি স্থায়ী করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও বিল বিতরণে নিযুক্ত বার্তাবাহকেরা চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন। গতকাল সোমবার শহরের অদূরে সুটিপাড়ায় সমিতির জেলা কার্যালয়ের সামনে এসব কর্মসূচি পালন করা হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির চুক্তিভিত্তিক মিটার রিডার ও বার্তাবাহক ঐক্য পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন শুরু হয়। এরপর দিনব্যাপী কর্মবিরতি পালন করেন ঐক্য পরিষদের সদস্যরা।
কর্মবিরতি চলাকালে বক্তব্য দেন ঐক্য পরিষদের নেতা শামীম মণ্ডল, আতাউর রহমান, অশোক কুমার রায়, মিজানুর রহমান, আবদুস সাত্তার, মোতাহার হোসেন, ডালিম কুমার রায় প্রমুখ। তাঁরা বলেন, চুক্তিভিত্তিক এ কাজ করে তাঁরা পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। দিন দিন কাজের পরিধিও বাড়ছে। কিন্তু কর্তৃপক্ষ জনবল ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তের কারণে অনেককে পরিবার-পরিজন নিয়ে পথে বসতে হবে। বক্তারা কর্মী ছাঁটাই বন্ধ করে তাঁদের চাকরি স্থায়ীকরণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তাঁরা।
পল্লী বিদ্যুৎ সমিতির জেলা কার্যালয় জানায়, মিটার রিডার ও বার্তাবাহক পদে তিন বছরের জন্য চুক্তিতে জনবল নিয়োগ করা হয়। একই ব্যক্তি একই সমিতিতে পরপর তিনবার চুক্তিবদ্ধ হতে পারেন। পরে অভিজ্ঞতার সনদ নিয়ে তাঁরা অন্য সমিতিতে কাজের সুযোগ পেতেন। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষ অনেককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।