চুক্তিমূল্যে না কেনায় সড়কে আলু ঢেলে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে বোম্বে এগ্রো লিমিটেড নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান চুক্তি অনুযায়ী চাষিদের কাছ থেকে আলু কিনছে না বলে অভিযোগ পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী প্রতি কেজি আলু ১৩ টাকায় কেনার কথা থাকলেও প্রতিষ্ঠানটি আট টাকা দরে কিনতে চাইছে। এতে ব্যাপক লোকসান হবে বলে চাষিরা চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে ও ১৩ টাকায় আলু কেনার দাবিতে গত বৃহস্পতিবার দেবীগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয় ঘেরাও করেন।চুক্তির শর্ত অনুযায়ী আলু ক্রয় এবং উৎপাদনের জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধ করার দাবিতে চাষিরা বৃহস্পতিবারই বোম্বে এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি পেশ করেন। একই দাবিতে তাঁরা দেবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলন করেন এবং শতাধিক মণ আলু প্রতিষ্ঠানটির মূল ফটক ও ফটকসংলগ্ন দেবীগঞ্জ-নীলফামারী সড়কের ওপর ফেলে বিক্ষোভ করেন।সংবাদ সম্মেলনে চাষিরা জানান, আলু সরবরাহের বিষয়ে কয়েক মাস আগে চাষিদের সঙ্গে বোম্বে এগ্রো লিমিটেডের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, চাষিরা প্রতিষ্ঠানটির কাছ থেকে ৪০ টাকা কেজি দরে আলু বীজ কিনবেন, মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে আলু উৎপাদন করবেন এবং আলু চাষের সময় প্রতিষ্ঠানটি চাষিদের প্রযুক্তি ও উপকরণ সহায়তা দেবে। চুক্তি অনুযায়ী আলু ওঠার পর প্রতিষ্ঠানটি চাষিদের কাছ থেকে কেজি প্রতি ১২-১৩ টাকা দরে কিনবে এবং চাষিদের আলু বিক্রির টাকা থেকে মার্কেন্টাইল ব্যাংকের ঋণ পরিশোধ করবে—এ মর্মে প্রতিষ্ঠানটি ১৫০ টাকা মূল্যের ননজুডিশিয়াল স্ট্যাম্পে চাষিদের স্বাক্ষর নেয়। কিন্তু কর্তৃপক্ষ চুক্তির অনুলিপি চাষিদের দেয়নি।সংবাদ সম্মেলনে চাষিরা অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী তাঁরা বোম্বে এগ্রো লিমিটেডের কাছ থেকে উচ্চ মূল্যে আলুবীজ কিনে জমিতে রোপণ করেছেন এবং মার্কেন্টাইল ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে চাষাবাদের খরচ চালিয়েছেন।চুক্তিবদ্ধ আলুচাষি শফিকুল ইসলাম, শামসুল আলম ও মোশারফ হোসেন জানান, বোম্বে এগ্রো লিমিটেড কর্তৃপক্ষ চুক্তির শর্ত অনুযায়ী আলুতে ড্রাই ম্যাটারের পরিমাণ ১৮ ভাগের কম হওয়ার অজুহাত দেখিয়ে নির্ধারিত দামে (কেজিপ্রতি ১৩ টাকা) আলু কিনতে চাইছে না। তবে কর্তৃপক্ষ ১৩ টাকার পরিবর্তে আট টাকা দরে আলু কিনছে। এতে চাষিদের অনেক টাকা লোকসান হচ্ছে।চাষিরা দাবি করে বলেন, তাঁরা প্রতিষ্ঠানটির কাছে যেসব আলু বিক্রি করতে নিয়ে আসছেন, তাতে ড্রাই ম্যাটারের পরিমাণ ১৫-১৬ ভাগ। মাত্র দু-তিন ভাগের পার্থক্যের কারণে কর্তৃপক্ষ তাঁদের এভাবে ঠকাতে পারে না।বোম্বে এগ্রো লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক তারাজুল ইসলাম বলেন, ড্রাই ম্যাটারের পরিমাণ কম হওয়ায় চাষিদের কাছ থেকে নেওয়া আলু দিয়ে কোনো পণ্য উৎপাদন করা যাবে না। তাই চুক্তিতে উল্লিখিত দামে তাঁরা আলু কিনতে পারছেন না। তবে চাষিদের ঋণ পরিশোধ ও তাঁদের ক্ষতির কথা চিন্তা করে তাঁরা প্রতি কেজি আলু আট টাকায় কিনছেন। পণ্য উৎপাদনের কাজে না লাগলেও হিমাগারে রেখে বাজারে দাম বাড়লে তাঁরা এ আলু বিক্রি করতে পারবেন। হিমাগারে রাখতে খরচ হওয়ায় তাঁরা কম দামে আলু কিনছেন।তারাজুল ইসলাম আরও জানান, ইতিমধ্যে চুক্তিবদ্ধ চাষিদের কাছ থেকে এক হাজার ৩০০ মেট্রিক টন আলু কেনা হয়েছে।