চুক্তির অতিরিক্ত চাল দেবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি গুদাম ও বাজারে চাল সরবরাহ করে দাম স্থিতিশীল রাখতে সহযোগিতা দেবেন চালকলের মালিকেরা। গতকাল বৃহস্পতিবার খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাকের সঙ্গে এক বৈঠকে তাঁরা এই আশ্বাস দেন। বোরো মৌসুমে সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির অতিরিক্ত চালও মিলমালিকেরা সরবরাহ করবেন বলে বৈঠকে জানানো হয়েছে। অতিরিক্ত চাল সরবরাহের জন্য তাঁরা সরকারের সঙ্গে আবারও চুক্তি করেছেন। এর আগে চার লাখ ৭০ হাজার মেট্রিক টন চাল সরবরাহের চুক্তি হয়েছিল। বর্তমানে তা বেড়ে পাঁচ লাখ ৩০ হাজার টন হয়েছে। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এম লায়েক আলীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধিদলে আরও ছিলেন সমিতির যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল হামিদ, মো. নজির হোসেন, সদস্য আবদুল বারি, হামিদুল ইসলাম ও মো. আবদুল হাকিম মণ্ডল।চালকল মালিকেরা জানান, সব চালকল মালিককে চুক্তি অনুযায়ী চাল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি গুদামে বর্তমানে সরবরাহ করা চালের পরিমাণ দাঁড়িয়েছে তিন লাখ ২০ হাজার টন। সাম্প্রতিক ধর্মঘটের জন্য প্রতিনিধিরা মন্ত্রীর কাছে দুঃখও প্রকাশ করেন। চালকলকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নতুন চালকলে বিদ্যুৎ সংযোগ দেওয়ার বিষয়ে চালকলের মালিকেরা মন্ত্রীর সহযোগিতা চান। এ ছাড়া সরকারি ঘোষণার আগে সরবরাহ করা চালের ওপর প্রণোদনা দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য মন্ত্রীকে অনুরোধ জানানো হয়।