বহিঃসমর্পণ চুক্তির আওতায় মুম্বাইয়ের হোটেল তাজে জঙ্গি হামলায় অভিযুক্ত সালিম ওরফে মোবাশ্বের শাহীদ ওরফে ইয়াহিয়াকে ফেরত চায় ভারত। বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক মোবাশ্বেরের বিরুদ্ধে বাংলাদেশে দুটি মামলা বিচারাধীন। এ অবস্থায় তাঁকে ভারতে ফেরত না পাঠানোর পক্ষে মত দিয়েছে র্যা ব, পুলিশসহ গোয়েন্দা সংস্থা।
অন্যদিকে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন, সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে বহিঃসমর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনতে ভারতকে অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। কিন্তু নানা জটিলতায় তাঁদেরও দেশে ফিরিয়ে আনা যায়নি। চুক্তি সইয়ের চার বছর পেরিয়ে গেলেও এর আওতায় একজন আসামিও হস্তান্তর করতে পারেনি দুই দেশ।
সম্প্রতি বহিঃসমর্পণ চুক্তিতে পরিবর্তন আসায় এটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। নতুন সংশোধনী অনুযায়ী কোনো বিচারিক আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে সেই দেশ অপরাধের তথ্যপ্রমাণ দাখিল না করেই ওই অভিযুক্ত ব্যক্তিকে অপর দেশ থেকে ফিরিয়ে আনতে পারবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বৈঠকে বহিঃসমর্পণ চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হবে। গত সপ্তাহে মন্ত্রিসভায় চুক্তির সংশোধনী অনুমোদিত হওয়ায় সংশোধিত চুক্তিটি ওই সফরের সময় সই হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম দুই খুনি মাজেদ ও রিসালদার (অব.) মোসলেম উদ্দিন ভারতে অবস্থান করলে তাঁদের ফেরত আনার বিষয়েও আলোচনা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘মূল চুক্তিতে কিছু জটিল বিষয় আছে। সরকার সম্প্রতি চুক্তিটির সংশোধনী চূড়ান্ত করেছে। এর ফলে বহিঃসমর্পণের ক্ষেত্রে আইনগত প্রতিবন্ধকতা দূর হবে। এ ছাড়া আমাদের বন্দীবিনিময় প্রক্রিয়া সহজ হবে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০১৩ সালের অক্টোবরে দুই দেশের মধ্যে যে চুক্তি হয়েছিল, সে অনুযায়ী অপরাধীদের হস্তান্তরের জন্য পরোয়ানার সঙ্গে অপরাধের প্রমাণও দাখিল করতে হয়। এর ফলে অপরাধী ফিরিয়ে আনা বিলম্বিত হয়, অনেক সময় সাক্ষ্য-প্রমাণের অভাবে ফিরিয়ে আনা যায় না।
এর মধ্যে গত নভেম্বরে আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরত পাঠানো এবং সাত খুনের মামলার আসামি নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। তবে দুটি ক্ষেত্রেই বন্দীদের হস্তান্তর করা হয়েছে অনানুষ্ঠানিক প্রক্রিয়ায়, যেটি প্রচলিতভাবে ‘পুশ ইন’ ও ‘পুশ ব্যাক’ নামে পরিচিত।
জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীদের এবারের বৈঠকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ গত আগস্ট মাসে গ্রেনেড হামলায় অভিযুক্ত বাংলাদেশের হুজি নেতা মুরসালিন, মুত্তালিন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টার খুনের অভিযুক্ত মৃত্যুদণ্ড পাওয়া আসামি দীপু, চট্টগ্রামের শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন এবং উগ্রপন্থী নেতা মুক্তার হোসেনকে ফেরত চাওয়া হবে। অন্যদিকে জঙ্গি সালিম ওরফে মোবাশ্বের শাহীদসহ দাউদ মার্চেন্ট, মাওলানা মনসুর আলী হবিবুল্লাহ, মুফতি ওবায়েদুল্লাহ ওরফে আবু জাফর, মাওলানা এমদাদুল্লাহ, জাহিদ শেখ ও আরিফ হাসানকে ফেরত নিতে কথা বলবে ভারত।