চুক্তির তিন দিনের মাথায় অনুমোদন পেল এমভি রোদেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি করার তিন দিনের মধ্যেই প্রথম কনটেইনার জাহাজ হিসেবে অনুমোদন পেয়েছে দেশীয় মালিকানাধীন কনটেইনার ও সাধারণ পণ্যবাহী জাহাজ এমভি রোদেলা। এ চুক্তির ফলে ভারতের পূর্ব উপকূলের বন্দর থেকে চট্টগ্রাম, মংলা ও নির্মাণাধীন পায়রা বন্দরে সরাসরি পণ্য পরিবহনে সময় ও খরচ কমার সুযোগ তৈরি হয়েছে।
আন্তর্জাতিক নিয়মানুযায়ী, সমুদ্রগামী জাহাজ চলাচলে বন্দরের নির্ধারিত মাশুল পরিশোধ করতে হয়। নির্দিষ্ট মানদণ্ড মেনে জাহাজের নাবিক নিয়োগ করতে হয়। কিন্তু এই চুক্তির ফলে বন্দরের মাশুলে অর্ধেক ছাড় পাওয়া যাবে। আবার সমুদ্রপথের পরিবর্তে উপকূলীয় এলাকায় চলাচলের জন্য জাহাজে নাবিক নিয়োগেও শিথিলতা রয়েছে। চুক্তি হলেও এখনো পরিচালন পদ্ধতির মান (এসওপি) চূড়ান্ত হয়নি। শিগগিরই এটি চূড়ান্ত হলে এই ছাড় মিলবে।
জানতে চাইলে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলাম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, উপকূলীয় জাহাজ চলাচল চুক্তির আওতায় চলাচলের জন্য এমভি রোদেলা জাহাজকে সনদ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আগামী ডিসেম্বরের মধ্যে আরও নয়টি জাহাজ যোগ হতে পারে। এতে শুধু খরচই নয়, পণ্য পরিবহনে সময়ও কমবে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরের সময় ৬ জুন উপকূলীয় জাহাজ চলাচল চুক্তি সই হয়। চুক্তি বাস্তবায়নের জন্য পরিচালন পদ্ধতির মান (এসওপি) এখনো সই হয়নি। এটি চূড়ান্ত হলে এই চুক্তির আওতায় চলাচলরত জাহাজের জন্য বন্দরের মাশুল কত কমবে, নৌপথ ও দুই দেশের বন্দরের নামসহ বিস্তারিত উল্লেখ থাকবে।
সমুদ্র পরিবহন অধিদপ্তর সূত্রে জানা গেছে, সই হওয়ার অপেক্ষায় থাকা এসওপিতে বাংলাদেশের চট্টগ্রাম, মংলা ও নির্মাণাধীন পায়রা বন্দর এবং ভারতের কলকাতা, হলদিয়া, কাঁকিনাড়া, প্যারাদ্বীপ, বিশাখাপট্টনাম বন্দর রয়েছে। নতুন করে চেন্নাইসহ দুটি বন্দর যোগ করা হতে পারে। দুই দেশের মৌখিক সম্মতি রয়েছে এই এসওপিতে।
জানা গেছে, চুক্তির আওতায় অনুমোদন পাওয়ার আগে গত ২০ মার্চ থেকে প্রান্তিক গ্রুপের মালিকানাধীন এমভি রোদেলা জাহাজটি পাঁচবার চট্টগ্রাম বন্দর থেকে কলকাতায় আসা-যাওয়া করেছে। এ সময়ে জাহাজটি পণ্যভর্তি ১৬৫ একক কনটেইনার পরিবহন করেছে। খালি কনটেইনার পরিবহন করেছে ৫৪৭ একক। ভারতের পূর্ব উপকূলীয় অঞ্চলের পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সাশ্রয়ী এ পথটিই ব্যবহারে আগ্রহী হচ্ছেন ব্যবসায়ীরা। এ পথে চট্টগ্রাম থেকে ভারতে রপ্তানি হয়েছে বাতিল লোহা। ভারত থেকে আমদানি হয়েছে ইস্পাতের কাঁচামাল, তুলা, রাসায়নিক, মসলা, কাপড় ইত্যাদি।
প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে জাহাজটি পাঁচবার কনটেইনার আনা-নেওয়া করেছে। সময় লেগেছে দুই দিনের কম। অথচ এই পণ্য স্থলবন্দর দিয়ে ঘুরে বা কলম্বো বন্দর হয়ে ঘুরে আনা হলে সময় ও খরচ অনেক বেশি হয়। চুক্তির ফলে ভারতের পূর্ব উপকূলের বন্দর থেকে পণ্য আনা-নেওয়া খুব দ্রুত সম্ভব হবে। খরচও অস্বাভাবিক কমবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চীনের পর সবচেয়ে বেশি পণ্য আমদানি হয় ভারত থেকে। ২০১৩-১৪ অর্থবছরে ভারত থেকে ৬০৩ কোটি ডলারের পণ্য আমদানি হয়। রপ্তানি হয় ৪৫ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ডলারের পণ্য।
ভারত থেকে স্থলবন্দর দিয়ে সাধারণ পণ্য এবং সমুদ্রপথে বিভিন্ন বন্দর থেকে সরাসরি পণ্য আনা-নেওয়া হয়। তবে কনটেইনার পণ্যের ক্ষেত্রে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়ার বন্দর হয়ে ঘুরে চট্টগ্রাম বন্দরে আনা হয়। স্থলবন্দর কর্তৃপক্ষের হিসাবে, গত অর্থবছরে ভারতের সঙ্গে সংযুক্ত সাতটি স্থলবন্দর দিয়ে প্রায় ৬৯ লাখ টন পণ্য আমদানি-রপ্তানি হয়। বাকি পণ্য আনা-নেওয়া হয় সমুদ্রপথে।