
পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় বৈষম্য রয়ে গেছে। চুক্তির পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। গতকাল শুক্রবার বিকেলে ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তির ১৯তম বর্ষপূর্তি ২০১৬ উদ্যাপন কমিটি, চট্টগ্রাম’ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উদ্যাপন কমিটির আহ্বায়ক তাপস হোড়। এতে প্রধান অতিথি ছিলেন শহীদজায়া মুশতারি শফি। আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোসাইন কবির ও রাহমান নাসির উদ্দিন, জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা, সিপিবির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার চৌধুরী।
মুশতারি শফি বলেন, ‘সরকার বলছে চুক্তি নাকি বাস্তবায়ন হয়েছে। আসলে তা হয়নি।’ পাহাড়িদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা চুক্তির পুরো অংশ বাস্তবায়নের জন্য আন্দোলন শুরু করুন। আমরা আপনাদের সঙ্গে আছি।’
অধ্যাপক হোসাইন কবির বলেন, ‘নদীভাঙা এলাকার মানুষগুলোকে জিয়াউর রহমান পার্বত্য চট্টগ্রামে পুনর্বাসন করেছেন। কিন্তু কার জায়গায় করা হয়েছে, সেটা কি ভেবে দেখা হয়েছে? বাঙালিদের ব্যাপারে ভূমিব্যবস্থা কী হবে, তা চুক্তিতে উল্লেখ নেই।’ তিনি বলেন, পর্যটন কেন্দ্র বানানোর নামে পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে। পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে এই অবস্থার সৃষ্টি হতো না।

অধ্যাপক রাহমান নাসির উদ্দিন বলেন, ‘পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়া দুঃখ, লজ্জা ও অপমানের। চুক্তির ১৯ বছর পরও ধারা-উপধারা বাস্তবায়নের জন্য আলোচনা করতে হচ্ছে।’
জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা বলেন, পার্বত্য চুক্তির পর ভারত থেকে ১২ হাজার ২২২ পরিবার দেশে ফিরেছিল। এখনো ৯ হাজার পরিবারকে তাদের বাড়িতে উঠতে দেওয়া হয়নি। চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়িত হয়নি। কার্যত সেখানে গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিষ্ঠিত হয়নি জুম্ম জনগোষ্ঠীর মৌলিক অধিকার।
সিপিবির নেতা অশোক সাহা বলেন, ‘চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় সেখানে বৈষম্য রয়ে গেছে। যেকোনো ধরনের বৈষম্য রাষ্ট্রে থাকলে তার খেসারত দিতে হয়। সমতল ও পাহাড়ি, সব এলাকার জাতিগোষ্ঠী ও ভাষাকে সম্মান দিতে হবে। আমরা চাই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তির নীড় গড়ে উঠুক।’
অনুষ্ঠানে আদিবাসী বার্তা নামের একটি পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।