পেট্রোবাংলার সঙ্গে সম্পাদিত চুক্তি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন বড়পুকুরিয়া খনি এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। পাশাপাশি চুক্তি-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য আট দফা দাবি তোলা হয়েছে। দাবির ব্যাপারে সাড়া না পেলে ১১ ডিসেম্বর খনি এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন তাঁরা।
গতকাল সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। বড়পুকুরিয়া জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রক্ষা কমিটির আহ্বায়ক এম মশিউর রহমান। এতে বলা হয়, মাটির নিচ থেকে কয়লা তোলার কারণে বড়পুকুরিয়া এলাকার ১১টি গ্রামের বিশাল এলাকা দেবে যায়। অনেক আন্দোলন-সংগ্রামের পর ২০০৯ সালের ১৫ মে পেট্রোবাংলা সমঝোতা চুক্তিতে সই করে। সে অনুযায়ী ৬২২ একর জমি অধিগ্রহণ করেছে তারা। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জমির দাম দেওয়া হলেও ঘরবাড়ির ক্ষতিপূরণ দেওয়া হয়নি। চুক্তির আরেক শর্ত অনুযায়ী, অধিগ্রহণ করা এলাকার মসজিদ, স্কুল, মাদ্রাসা ও হাটবাজার অন্যত্র জমি কিনে গড়ে দেওয়ার কথা পেট্রোবাংলার। কিন্তু আজ পর্যন্ত তা করা হয়নি।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অধিগ্রহণ করা এলাকার বাইরে নতুন করে আটটি গ্রামের বহু বাড়িঘরে ফাটল দেখা দেয়। গ্রামগুলো হলো শিবকৃষ্ণপুর, বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা, মৌপুকুর, পাঁচঘরিয়া, বৈদ্যনাথপুর, বাঁশপুকুর, পাতিগ্রাম ও কালুপাড়া। খনি কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরা হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
রক্ষা কমিটির আরও অভিযোগ, বড়পুকুরিয়া কয়লা খনি পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে পড়েছে। আইন অনুযায়ী, ইউনিয়নকে রয়্যালিটি ও হোল্ডিং ট্যাক্স দেওয়ার কথা। সেটাও দিচ্ছে না খনি কর্তৃপক্ষ। আর এলাকার উন্নয়নে প্রতিবছর ২০ কোটি টাকা বরাদ্দ এলেও তার বেশির ভাগই খনির কর্মকর্তা-কর্মচারীরা ভাগ-বাঁটোয়ারা করে নিচ্ছেন। যে সামান্য অর্থ উন্নয়নে ব্যয় হয়, তা-ও ক্ষতিগ্রস্ত এলাকার বাইরে কর্মকর্তাদের নিজেদের এলাকায় হচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, এ অবস্থায় বড়পুকুরিয়া জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটি ২০০৯ সালে সম্পাদিত চুক্তির পূর্ণ বাস্তবায়ন দাবি করছে। একই সঙ্গে নতুন আট দফা দাবি জানাচ্ছে। দাবিগুলোর মধ্যে অন্যতম হলো নতুন করে ক্ষতিগ্রস্ত আটটি গ্রামে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ব্যবস্থা গ্রহণ, খনির কারণে সৃষ্ট খাবার পানির সংকট নিরসনে গভীর নলকূপ বসানো এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট স্কুল-কলেজ মেরামত ও নতুন করে তৈরি।
সংবাদ সম্মেলনে রক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী মণ্ডল ও মো. আবদুল গনি, ইউপি সদস্য মো. সাইদুর রহমান, রক্ষা কমিটির সদস্য মো. মামুনুর রশিদ, মো. সুলতান মাহমুদ, মো. লিয়াকত আলী, আব্বাস আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বড়পুকুরিয়া কয়লা খনির মহাব্যবস্থাপক এস এম আওরঙ্গজেব গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘরের ক্ষতিপূরণ ও অন্যত্র জমি কিনে মসজিদ, স্কুল, মাদ্রাসা ও হাটবাজার গড়ে দেওয়ার দায়িত্ব সরকারের। নতুন করে এলাকা দেবে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ওই সব এলাকায় জরিপের জন্য খনি কর্তৃপক্ষ গিয়েছিল। কিন্তু এলাকাবাসী তাদের সেখানে ঢুকতে দেয়নি।