খাগড়াছড়ির দীঘিনালায় বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া পরিবারের লোকজন বলেছেন, প্রয়োজনে তাঁদের গুলি করে মেরে ফেলা হোক, তবুও তাঁরা তাঁদের জায়গায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর হতে দেবেন না।
গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সদস্যরা বাবুছড়া উচ্চবিদ্যালয়ে গেলে সেখানে আশ্রয় নেওয়া লোকজন এ কথা বলেন। জবাবে কমিশনের কো-চেয়ার এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘আপনারা ধৈর্য ধরুন, মন শক্ত রাখুন। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের জন্য কী করা যায় আমরা সে চেষ্টা করব।’ তিনি বলেন, পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলেই শান্তি ফিরে আসবে।
দীঘিনালার যত্নমোহন কার্বারিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন সদর দপ্তর স্থাপনকে কেন্দ্র করে গত ১০ জুন বিজিবি ও আদিবাসীদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে। এরপর ২১টি আদিবাসী পরিবারের ৮৪ জন সদস্য বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেন।
সুলতানা কামাল ছাড়াও গতকাল সিএইচটি কমিশনের অপর সদস্য নারীনেত্রী খুশী কবির, ড. স্বপন আদনান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও হানা শামস আহমেদ বাবুছড়া উচ্চবিদ্যালয়ে আশ্রয় নেওয়া লোকজন ও বিজিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এ সময় আদিবাসীরা কমিশনের কাছে অভিযোগ করেন, তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের ভয়ে অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁদের চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রেমদিনী চাকমা (৭৫) নামে এক আদিবাসী বলেন, ‘১৯৫৯ সালে কাপ্তাই বাঁধের কারণে আমরা রাঙামাটির বালুখালী থেকে উচ্ছেদ হয়ে বাবুছড়ার যত্নমোহন কার্বারি পাড়ায় এসেছি। ১৯৮৯ সালে বিরাজমান পরিস্থিতির কারণে ভারতে আশ্রয় নিয়ে আরেকবার উচ্ছেদ হই। এখন নিজ জায়গায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর হলে স্থায়ীভাবেই উচ্ছেদ হয়ে যেতে হবে।’
আরেক আদিবাসী মৃণাল কান্তি চাকমা (৪৫) বলেন, ‘প্রয়োজনে আমাদের গুলি করে মেরে ফেলুক। তবুও আমরা আমাদের জায়গায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর হতে দেব না।’
এ সময় সুলতানা কামাল তাঁদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘আপনাদের জন্য কী করা যায় আমরা সে চেষ্টা করব।’
এরপর সিএইচটি কমিশনের সদস্যরা ৫১ বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তর ও অধিগ্রহণ করা জায়গা পরিদর্শন করেন। এ সময় ৫১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. কামাল উদ্দিন কমিশনের সদস্যদের বলেন, পাহাড়ি নারীদের বিজিবি কোনো প্রকার হামলা করেনি। বিজিবির পক্ষ থেকে কোনো হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে না। তাঁদের চলাচলের রাস্তাও বন্ধ করা হয়নি।
এ সময় সুলতানা কামাল বলেন, একজন আদিবাসীর মৃত্যু যে রকম দুঃখজনক, তেমনি একজন সৈনিকের মৃত্যুও দুঃখজনক। চারিদিকে অস্ত্র হাতে পাহারা থাকবে, এ রকম একটা পরিস্থিতির মধ্যে আদিবাসী শিশুরা বিদ্যালয়ে যেতে ভয় পাবেই। উভয়ের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রয়োজন। এভাবে চলতে থাকলে কেউই শান্তি পাবে না।
পরে সুলতানা কামাল সাংবাদিকদের বলেন, অনেক বৈঠক-আলোচনার পর ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি হয়েছিল। দীর্ঘ সময়েও চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় এখানকার পরিস্থিতি জটিল হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবার মধ্যে বিশ্বাস ও আস্থা ফিরিয়ে এনে চুক্তির পূর্ণ বাস্তবায়ন করলেই শান্তি ফিরে আসবে।’