চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এমন আশা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা
জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেছেন, সরকারের আচরণ দেখে মনে হয় না তারা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে আগ্রহী। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন হবে, এমন আশা করার কোনো কারণ নেই। চুক্তি বাস্তবায়নের জন্য কঠোর আন্দোলন করতে হবে।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাঙামাটি শহরের কুমার সমিতি রায় জিমনেসিয়াম চত্বরে পাহাড়ি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্তু লারমা এসব কথা বলেন। স্বজাতিদের (পাহাড়ি) মধ্যে যারা পার্বত্য চুক্তি ও জুম্ম স্বার্থবিরোধী কাজে লিপ্ত, তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে বর্জন করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
সন্তু লারমা বলেন, যে জাতি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে, সেই জাতির শাসক গোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের ভিন্ন ভাষী মানুষ ও সংস্কৃতির ওপর ঔপনিবেশিক কায়দায় শাসন-শোষণ চালাচ্ছে। শাসক গোষ্ঠী জুম্ম জনগণের অস্তিত্ব বিলুপ্তির চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমরা শান্তিপ্রিয় মানুষ। আমরাও দেশের সুনাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই। কিন্তু শোষণ-নির্যাতন ও জুলুমের কারণে জুম্ম জনগণের অস্তিত্ব হুমকির সম্মুখীন। সেই শঙ্কা থেকে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে।’
চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবান ও খাগড়াছড়িতে নকল ব্যালট পেপার ব্যবহারসহ ভোট কারচুপির অভিযোগ তুলে ধরে সন্তু লারমা বলেন, ‘ভোট কারচুপি করা হলে রাঙামাটির মানুষ তা কোনো দিন মেনে নেবে না।’ এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ ঊষাতন তালুকদার বলেন, ‘সরকার ইচ্ছা করে চুক্তি বাস্তবায়ন করছে না। আঞ্চলিক ও জেলা পরিষদগুলোকে অকার্যকর করে রেখেছে। এটা জনগণের সঙ্গে চরম প্রতারণা।’ তিনি বলেন, সরকারি দলের লোকজন এখন নিজেদের জনপ্রিয় দেখাতে মরিয়া হয়ে উঠেছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে কারচুপি করে সব নির্বাচনে জয়লাভের চেষ্টা করছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মো. মহিউদ্দিন বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামের মানুষদের নিয়ে বিভেদের রাজনীতি হয়েছে। এটা রাষ্ট্রের জন্য শুভ হয়নি।’ পার্বত্যচুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘শুধু কথা দিয়ে দেশকে সুন্দর করা যায় না; সততা, নিষ্ঠা ও সবার অধিকার প্রতিষ্ঠা করে দেশকে সুন্দর করা যায়।’
পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্য মং মারমা, সাংস্কৃতিক কর্মী শিশির চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি উদয়ন ত্রিপুরা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সহসভাপতি শিমূল কান্তি বৈষ্ণব, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিমিতা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উবা সিং মারমা।