চুক্তির মৌলিক বিষয়গুলো আজও বাস্তবায়িত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চুক্তির মৌলিক বিষয়গুলো বাস্তবায়নে সরকার আগ্রহ দেখাচ্ছে না। চুক্তির ১৭ বছর পরও ভূমি সমস্যার সমাধান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদকে কার্যকর করা হয়নি। রাঙামাটি শহরের রাজবাড়ি এলাকায় আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ অভিযোগ করেন।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের মাধ্যমে প্রতীকী গণ-অনশন শুরু হয়। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও বাংলাদেশ আদিবাসী ফোরামের আহ্বানে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়। গণ-অনশন কর্মসূচিতে রাঙামাটি ছাড়াও খাগড়াছড়ি এবং বান্দরবান থেকে বিভিন্ন শ্রেণিপেশার হাজারো মানুষ অংশ নেন।
গণ-অনশনের মঞ্চে থেকে বক্তব্য দেন বিশিষ্ট ব্যক্তিরা। পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চুক্তি বাস্তবায়ন ছাড়া পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। সরকার দাবি করছে, চুক্তির অধিকাংশ ধারা বাস্তবায়িত হয়েছে। কিন্তু এখনো পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও পার্বত্য জেলা পরিষদ কার্যকর করা হয়নি। ভূমি সমস্যার সমাধান এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসনসহ চুক্তির মৌলিক কোনো বিষয় বাস্তবায়িত হয়নি।
রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ ঊষাতন তালুকদার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যে সাহস নিয়ে আপনি চুক্তি স্বাক্ষর করেছেন, চাটুকারদের কথায় কান না দিয়ে একই সাহসে চুক্তি বাস্তবায়ন করুন।’
বান্দরবানের নারীনেত্রী ডোনাই প্রু নেলী বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে। নারী-শিশু নির্যাতন বাড়ছে। পার্বত্য চট্টগ্রামকে সব মানুষের বাসযোগ্য করতে চুক্তি বাস্তবায়নের বিকল্প নেই।
শিক্ষাবিদ মংসানু চৌধুরী বলেন, সরকার চুক্তির ৮০ শতাংশ বাস্তবায়ন করছে—এ দাবি প্রতারণার শামিল। চুক্তি অনুযায়ী আইনশৃঙ্খলা, ভূমি ব্যবস্থাপনা, বন ও পরিবেশ, স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ বিষয় এখনো অবাস্তবায়িত রয়ে গেছে।
খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক শিক্ষক মধু মঙ্গল চাকমা বলেন, চুক্তি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাঙালিদের বোঝাতে হবে, এটা শুধু পাহাড়িদের চুক্তি নয়।
সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা লাগে যখন দেখি মুক্তিযুদ্ধের পক্ষের সরকার একটি চুক্তি করে তা বাস্তবায়নে গড়িমসি করছে।’
আরও বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, রাঙামাটি বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হ্লাথোই প্রু মারমা প্রমুখ।
সাংস্কৃতিক কর্মীরা গান পরিবেশন ও কবিতা আবৃত্তির মাধ্যমে গণ-অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন। গণ-অনশন কর্মসূচিতে তিন পার্বত্য জেলার বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। পরে বিকেল চারটায় সাংসদ ঊষাতন তালুকদার বিশিষ্ট ব্যক্তিদের শরবত পান করিয়ে অনশন ভাঙান।