পদ্মা সেতু প্রকল্পের ঋণের কার্যকারিতার মেয়াদ আরও নয় মাস বাড়িয়েছে অন্যতম সহ-অর্থায়নকারী জাপানি সাহায্য সংস্থা জাইকা। আরেক অর্থায়নকারী সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এ প্রকল্প এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছে। জাইকা সম্প্রতি চুক্তির মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) চিঠি দিয়েছে। চিঠিতে বলা হয়, আগামী বছরের জুন মাস পর্যন্ত জাইকার ঋণের কার্যকারিতার মেয়াদ থাকবে। আর ৩০ সেপ্টেম্বর এডিবির ঋণচুক্তির মেয়াদ শেষ হচ্ছে। গতকাল এক বিবৃতিতে এডিবি বলেছে, স্বপ্নের এ প্রকল্প বাস্তবে পরিণত করতে সরকারি কর্তৃপক্ষ ও অন্য সহ-অর্থায়নকারীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা করে তারা। এর আগে এ দুটি দাতা সংস্থাই দুই দফা চুক্তির মেয়াদ বাড়িয়েছে। পদ্মা সেতু প্রকল্পে এডিবি সাড়ে ৬১ কোটি ডলার ও জাইকা ৪১ কোটি ডলার ঋণ দেওয়ার কথা। এডিবির বিবৃতি: বিশ্বব্যাংক নতুনভাবে পদ্মা সেতু প্রকল্পে সম্পৃক্ত হতে রাজি হওয়ায় এডিবি সন্তোষ প্রকাশ করেছে। বিশ্বব্যাংকের এ পদক্ষেপে এডিবি আনন্দিত। কারণ, পদ্মা সেতু হলো এমন একটি সুবিশাল প্রকল্প, যার পূর্ণ বাস্তবায়ন হলে বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার রূপান্তরে এবং বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানের অবারিত ও নজিরবিহীন সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এডিবি এ প্রকল্পে সম্পৃক্ত আছে। এ প্রকল্প নিয়ে দুর্নীতির সুযোগ সৃষ্টির অভিযোগসহ সুশাসনের বিষয়গুলো বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, প্রকল্পটিকে এগিয়ে নেওয়ার জন্য দৃঢ় ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে এডিবি অভিনন্দন জানাচ্ছে।