
আল মাহমুদের ‘কবিতা এমন’ নামের কবিতাটির পঙ্ক্তিমালায় আছে ‘পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ’। রকমারি পিঠার এমন সৌরভের সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু বাঁশের পেটের ভেতরে পিঠা তৈরি করার কারিগরি কুশলতার কথা হয়তো সবাই জানেন না। আর সেই ঐতিহ্যবাহী চুঙা পিঠার সঙ্গে হয়তো অনেকেরই পরিচয় নেই।
মৌলভীবাজার জেলায় এমনই একটি পিঠা যুগ যুগ ধরে সাধারণের কাছে আদরে-আহ্লাদে টিকে আছে। কারও কাছে এটি ‘চুঙা পিঠা’, কারও কাছে ‘বাঁশ পিঠা’ বা ‘চুঙ পিঠা’। তবে এটি চুঙা পিঠা নামেই পরিচিতদের কাছে সমাদৃত। শীতকালে, বিশেষ করে পৌষসংক্রান্তিতে
এই পিঠা দিয়ে অতিথি আপ্যায়নের রেওয়াজ আছে। তবে সারা বছরই চুঙা পিঠা তৈরি করা যায়। সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জের কয়েকটি জায়গায়ও এই পিঠা খাওয়া হয়। আর বৃহত্তর সিলেট অঞ্চলের বাইরে ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, বিহার ও ওডিশা রাজ্যের কিছু কিছু জায়গায় চুঙা পিঠার প্রচলন রয়েছে।
চুঙা পিঠা তৈরির জন্য প্রয়োজন বিশেষ জাতের বাঁশ। স্থানীয়ভাবে এগুলো ডলু বাঁশ ও কালি বাঁশ নামে পরিচিত। এ দুই জাতের বাঁশের আবরণ অন্য সব বাঁশের চেয়ে পাতলা। এগুলোর এক গিঁট (স্থানীয়ভাবে বলে আকিয়া) থেকে অন্য গিঁট পর্যন্ত দেড় থেকে দুই ফুট বা তার চেয়েও বেশি লম্বা অংশটির ভেতরটা থাকে ফাঁকা। দুই গিঁটের মধ্যবর্তী ফাঁকা অংশটিকে বলা হয় ‘টাব’। চুঙা পিঠা তৈরির জন্য ঢেঁকিতে ছাঁটা বিন্নি ধানের সুগন্ধী চালের গুঁড়া সেই টাবে ঠেসে ভরতে হয়। এরপর শুকনো তুষ ও খড়ের ওপর চালের গুঁড়া ভরা বাঁশ বিছিয়ে সেই বাঁশের ওপর খড় দিয়ে আগুনে পোড়ানো হয়। বাঁশের আবরণটি ভালোমতো পোড়ানো হয়ে গেলে আগুন নিভিয়ে ফেলতে হয়। পোড়া বাঁশ কিছুটা ঠান্ডা হলে আবরণ ফেলে দিয়ে বাঁশের ভেতর থেকে বের করা হয় পিঠা। বিন্নি ধানের চাল সরাসরি বাঁশের ভেতর দিয়েও একই প্রক্রিয়ায় চুঙা পিঠা তৈরি করা যায়। এ ক্ষেত্রে বিন্নি চাল প্রয়োজনমতো আগে ভিজিয়ে রাখতে হয়। বিন্নি ভাত কিংবা পিঠা তৈরি হলে সেটা মাছ ভাজা কিংবা মাংসের সঙ্গে পরিবেশন করা হয়।

প্রবীণ সংস্কৃতিকর্মী শৈলেন রায় বলেন, অতীতে ডলু বাঁশ বা কালি বাঁশ ও চুঙা পিঠা সহজলভ্য ছিল। ডলুর তুলনায় কালি বাঁশেই চুঙা পিঠা ভালো হয়। কারণ, এ বাঁশে একধরনের সুগন্ধ থাকে, যা পিঠার মধ্যে ছড়িয়ে পড়ে। পিঠা খাওয়ার সময় সেই ঘ্রাণটা পাওয়া যায়।
চুঙা বাঁশ বিক্রেতা আলা মিয়া বললেন, ডলু বাঁশ বা কালি বাঁশ সবখানে পাওয়া যায় না। মৌলভীবাজারের রাজনগর উপজেলার চা-বাগানের আশপাশের টিলা, শ্রীমঙ্গলের কালাপুর, কুলাউড়া উপজেলার গাজীপুর, কমলগঞ্জ উপজেলার আদমপুরসহ জেলার বিভিন্ন পাহাড়ি ভূমিতে এসব বাঁশ জন্মায়। চা-বাগান ও পাহাড়ি অঞ্চলের শ্রমিকেরা চাহিদা অনুযায়ী এই বাঁশ সংগ্রহ করেন।
মৌলভীবাজার শহরতলির হিলালপুর এলাকার বাসিন্দা সালেহ এলাহী কমলগঞ্জ উপজেলার আদমপুর ও মৌলভীবাজার শহরের শাহ মোস্তফার মেলা থেকে (পৌষসংক্রান্তির সময়) প্রতি হালি (চারটা) বাঁশ ১০০ টাকায় কিনেছেন। একটি বাঁশে পিঠা তৈরির জন্য আট থেকে নয়টি টুকরা (চুঙা) হয়েছে। তিনি বলেন, ‘এই পিঠা আমাদের এই অঞ্চলের ঐতিহ্য। তৈরি করার পদ্ধতিটা ব্যতিক্রমী হওয়ায় এই পিঠার আকর্ষণও বেশি।’
আমন ফসল কাটার পর শীতের সময় শুকনা খড়, ঢেঁকিছাঁটা চাল, প্রয়োজনীয় বাঁশ ও মাছ সহজলভ্য হওয়ায় প্রায় প্রতি বাড়িতেই এই পিঠা তৈরির ধুম পড়ত একসময়। একদিকে বাঁশ পুড়ত, অন্যদিকে আগুনের চারপাশে গোল হয়ে বসে আগুনের তাপ নিত লোকজন। পিঠা তৈরি করে নিজে খাওয়া, আত্মীয়-কুটুমকে খাওয়ানো, মেয়ে বা বোনের বাড়ি পাঠানোর রেওয়াজ ছিল। সেই ঐতিহ্য কিছু কিছু এলাকায় এখনো সীমিত আকারে হলেও টিকে আছে।
কিন্তু বন-জঙ্গল বাণিজ্যিকীকরণের কারণে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ডলু বাঁশ ও কালি বাঁশ দুর্লভ হয়ে পড়েছে। এখন দশ গ্রাম ঘুরেও একটা ঢেঁকি পাওয়া কঠিন। হাওর, বিল-ঝিলে আগের মতো মাছ নেই। এতে করে বাঁশ, ঢেঁকি ও মাছের আকালে অনেকের কাছেই এই চুঙা পিঠা প্রায় বিস্মৃত হতে চলেছে। তবে শৌখিন লোকজন এখনো এই ঐতিহ্যবাহী পিঠার কদর করেন।