চুন তৈরির কারখানার বিরুদ্ধে ৩৫ লাখ টাকা ভ্যাট ফাঁকির অভিযোগ
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অবস্থিত চুন প্রস্তুতকারক কারখানা ভাই ভাই লাইমসের বিরুদ্ধে ৩৫ লাখ ৭৪ হাজার ১৮৬ টাকার ‘মূল্য সংযোজন কর’ বা ‘ভ্যাট’ ফাঁকি দেওয়ার অভিযোগ এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের তদন্তে ভাই ভাই লাইমসের প্রদেয় গ্যাস বিল পর্যালোচনা করে ভ্যাট ফাঁকি দেওয়ার এই তথ্য বেরিয়ে আসে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির জন্য এবং ফাঁকি দেওয়া ভ্যাট কেন আদায় করা হবে না, জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে।এনবিআরের একটি দায়িত্বশীল সূত্র জানায়, তদন্তে দেখা যায়, ২০০২ সালের জানুয়ারি থেকে ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত পাঁচ বছরে (২০০৬ ও ২০০৭ সালের ডিসেম্বরের বিদ্যুৎ বিল পর্যালোচনা হয়নি) ভাই ভাই লাইমসের প্রদেয় গ্যাস বিল পর্যালোচনা করে দেখা যায়, ভ্যাট দেওয়ার সময় প্রকৃত উৎপাদনের চেয়ে কম উৎপাদন দেখিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এ ব্যাপারে ভাই ভাই লাইমসের ব্যবস্থাপনা পরিচালক আসমা হোসেন টেলিফোনে জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব তাঁরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিয়েছেন। এর বেশি তিনি আর কিছু বলতে চাননি।