চুনতি বন পাহারায় সাফল্য, পুরস্কৃত ১৪ জন
‘বন পাহারা দেওয়ায় আমাদের পুরস্কৃত করায় আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতে জীবন দিয়ে চুনতি অভয়ারণ্যের বনকে রক্ষায় চেষ্টা করব।’
এমন প্রত্যয় এশিয়ান হাতির অন্যতম প্রাকৃতিক প্রজনন কেন্দ্র চুনতি অভয়ারণ্যের বনপ্রহরী মো. কালু সরদারের।
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যেও আয়তন ৭ হাজার ৭৬৪ হেক্টর। এখানে কয়েক হাজার মা গর্জনগাছ রয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, চুনতি অভয়ারণ্যে বর্তমানে ২৭৪ প্রজাতির প্রাণী এবং ৬৯১ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটি বন রক্ষায় বিশেষ অবদান রাখায় ২০১২ সালে জাতিসংঘের ইক্যুয়েটর পুরস্কার পান। স্থানীয় মানুষ নিজেরাই বনের ব্যবস্থাপনায় যুক্ত হয়েছেন। তাঁদের নিয়েই তৈরি হয়েছে এই অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটি।
‘আমরা সবাই সচেতন, বনকে করি সংরক্ষণ’ প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার বনের সহব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে বন পাহারায় বিশেষ অবদান রাখায় চুনতি এই কমিটির ১৪ জন বনপ্রহরীকে পুরস্কৃত করা হয়। চুনতি অভয়ারণ্যের বন বিভাগের তত্ত্বাবধানে এবং বেসরকারি সংগঠন ক্রেল প্রকল্পের সহযোগিতায় উন্মুক্ত এক আলোচনা সভার আয়োজন করা হয়।
চুনতি অভয়ারণ্যের সহব্যবস্থাপনা কমিটির সহসভাপতি নুরুল আবছার বলেন, ‘এশিয়ান হাতির অন্যতম প্রজননক্ষেত্র চুনতি রক্ষায় সহব্যবস্থাপনা কমিটির পাশাপাশি বনপ্রহরীদের ভূমিকা অনস্বীকার্য। এঁদের কাজকে স্বীকৃতি দিতে পেরে আমরা খুশি।’
রেঞ্জ কর্মকর্তা মোর্শেদুল আলম বলেন, চুনতি অভয়ারণ্যে কর্মরত বন বিভাগের কোনো কর্মকর্তার দ্বারা বনের ক্ষতি হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পাশাপাশি এসব বনপ্রহরীকে বন বিভাগের পক্ষ থেকেও আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বনপ্রহরী মমতাজ বেগম বলেন, বনের গাছকে রক্ষার চেষ্টা করি। কিন্তু প্রভাবশালী ব্যক্তিরা যখন বনের জায়গা দখল ও গাছ কাটেন, তখন খুব খারাপ লাগে। তিনি সবার সম্মিলিত প্রচেষ্টায় বনকে রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
ক্রেল কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় বক্তব্য দেন হারবাং বিট কর্মকর্তা আবু নঈম, আজিনগর বিট কর্মকর্তা আবদুর রউফ, আবুল বশর, আবুল কাশেম প্রমুখ।