চুনতির বুকে নৃশংসতার করাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর নাশকতা ঘটে চুনতি অভয়ারণ্যে। বনের বেশকিছু গাছের সঙ্গে কাটা হয় দেড় শ বছরের পুরোনো এই মা-গর্জনগাছটিও। গত ১৩ ডিসেম্বর গাছটি পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের  চেয়ারম্যান জিয়াউল হকসহ (মাঝে) বন বিভাগের কর্মকর্তারা । ছবি: প্রথম আলো
কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার পর নাশকতা ঘটে চুনতি অভয়ারণ্যে। বনের বেশকিছু গাছের সঙ্গে কাটা হয় দেড় শ বছরের পুরোনো এই মা-গর্জনগাছটিও। গত ১৩ ডিসেম্বর গাছটি পরিদর্শন করেন লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হকসহ (মাঝে) বন বিভাগের কর্মকর্তারা । ছবি: প্রথম আলো

জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ২০১০ সালে জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার পাওয়া চুনতি অভয়ারণ্যেও পড়েছে জামায়াত-শিবিরের সহিংসতার কোপ। গত ১২ ডিসেম্বর জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময় এই অভয়ারণ্যের দেড় শ বছর বয়সী একটি মা-গর্জনগাছ ‘হত্যা’ করা হয়।
এ ধরনের মাতৃবৃক্ষ বীজ ছড়িয়ে বন সৃজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান স্থানীয় বন বিভাগের কর্মীরা। এতে এই অভয়ারণ্যের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে তাঁরা জানান।
কেবল এই মা-গাছটি নয়, গত ১০ মাসে লোহাগাড়া ও সাতকানিয়ার প্রায় পাঁচ হাজার ৩০০ গাছ নিধন করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। সড়ক অবরোধের নামে চলে এই নির্বিচার নিধন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে হাতের ডানে সড়ক থেকে ১০ হাত দূরে ছিল এই মা-গর্জনটি। বনকর্মীরা জানান, গাছটি সড়কের ওপর পড়লে সাত দিন লেগে যেত তা সরাতে। দুর্বৃত্তরা গাছটির চারপাশে করাত চালিয়ে গোড়া প্রায় আলগা করে ফেলে। এ অবস্থায় দু-তিন দিন এটি ঠায় দাঁড়িয়ে ছিল। কিন্তু ডাল-পাতা বিবর্ণ হয়ে উঠলে বিষয়টি সবার নজরে পড়ে। পরে বন বিভাগ গাছটি সরিয়ে নেয়। মা-গর্জনটি টুকরো টুকরা করে কাটার সময় কোনো কোনো বনকর্মী চোখের পানি ধরে রাখতে পারেননি বলে জানান স্থানীয় একাধিক প্রত্যক্ষদর্শী।
গত বছরের ২৮ ফেব্রুয়ারি থেকে ১২ ডিসেম্বর। জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণা থেকে আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা পর্যন্ত দফায় দফায় কেবল লোহাগাড়ায়ই তিন হাজার ২০০ এবং সাতকানিয়ায় দুই হাজার ১১৩টি গাছ নিধন করা হয়। এর জন্য স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের দায়ী করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাছ নিধনের এ হিসাব দিয়েছেন স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিজনূর রহমান বলেন, চুনতি অভয়ারণ্যে দেড় শ বছরের মা-গর্জনটি যাঁরাই দেখেছেন, তাঁদের চোখে পানি এসেছে। কারণ, এই গাছের সঙ্গে বন বিভাগের অনেক কর্মীর আবেগ জড়িয়ে ছিল।
তবে ফিজনূর রহমানের ধারণা, এর সঙ্গে বন বিভাগের কেউ জড়িত থাকতে পারে। নইলে এত বড় গাছ কেটে ফেলা সম্ভব নয়। প্রশাসন কাউকে সন্দেহ করছে কি না—জানতে চাইলে ইউএনও বলেন, ‘সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করে দেখবে। আমরা তো ধারণা করে বললাম।’
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, ‘জামায়াত-শিবিরের লোকজন নির্বিচারে গাছ হত্যা করছে। আমরা সন্দেহভাজনদের বিরুদ্ধে মামলা দিচ্ছি। কিছু দুর্বৃত্ত গ্রেপ্তারও হয়েছে।’
লোহাগাড়া উপজেলা সদর থেকে নয় কিলোমিটার দক্ষিণে চুনতি অভয়ারণ্য। সেখানে কথা হয় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ওসমানের সঙ্গে। তিনি বলেন, ‘আমার বয়স ৪২ বছর। ছোটবেলা থেকে মা-গর্জনটি যে রকম দেখেছি, কেটে ফেলার সময় সেই রকম ছিল। কেউ বলে গাছটির বয়স দেড় শ বছর, আবার কেউ বলে ২০০ বছর। প্রতিবছর গাছটি থেকে ১০-১২ হাজার বীজ পাওয়া যেত। ১২ ডিসেম্বর রাতেই সন্ত্রাসীরা গাছটির গোড়া কেটে ফেলে। কিন্তু মধ্যখানের অংশটি কাটা যায়নি। তাই এটি ঠায় দাঁড়িয়েছিল। মরে যাওয়ার পর প্রশাসন গাছটি সরিয়ে নেয়।’

গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্য এখন নিয়মিত। সাম্প্রতিক সময়ে অবরোধের দিনগুলোতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশের অসংখ্য গাছ কাটা হয়। ছবিটি লোহাগাড়ার রাজঘাটা এলাকার । ফাইল ছবি
গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরির দৃশ্য এখন নিয়মিত। সাম্প্রতিক সময়ে অবরোধের দিনগুলোতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশের অসংখ্য গাছ কাটা হয়। ছবিটি লোহাগাড়ার রাজঘাটা এলাকার । ফাইল ছবি

চুনতি এলাকার আরেক কৃষক নাম প্রকাশ না করে বলেন, ‘বাইরের এলাকা থেকে সন্ত্রাসীরা এসে গাছটি কেটেছে। কিন্তু আমরা দেখলে ওদের পিটিয়ে মেরে ফেলতাম।’
লোহাগাড়া উপজেলার চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বলেন ‘বিশ্বের কাছে লোহাগাড়াকে পরিচয় করে দিয়েছে চুনতি অভয়ারণ্য। এই অভয়ারণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ২০১০ সালে জাতিসংঘের ইকুয়েটর পুরস্কার পেয়েছে বাংলাদেশ। সেই অভয়ারণ্যে ৪৮৫টি মা-গর্জন রয়েছে, যার মধ্যে একটি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ওরা আমাদের আবেগে আঘাত করেছে। আমরা কষ্ট পেয়েছি। আমাদের অভিশাপে ওরা একদিন শেষ হয়ে হবে।’
সরেজমিন ঘুরে দেখা গেছে, শুধু এই মা-গর্জনই নয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দুই পাশে শত শত গাছ কেটে সড়ক অবরোধ করছে সংগঠনটি। তারা মহাসড়ক ছাড়াও সাতকানিয়া ও লোহাগাড়া অভ্যন্তরীণ সড়কের দুই পাশের গাছ কেটে সাবাড় করে।
লোহাগাড়ার ইউএনও বলেন, ‘আমরা মাইকিং করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে গাছ হত্যা যে ক্ষতিকর, এর ধর্মীয় দিকটিও প্রচার করছি। সেমিনার ও সভায় এর ক্ষতিকর দিক তুলে ধরছি। পবিত্র ইসলাম ধর্ম এ ধরনের কাজকে সমর্থন দেয় না।’
সরেজমিনে দেখা গেছে, লোহাগাড়ার আধুনগর-হরিণা সড়ক, শাহপীর সড়ক, লোহাগাড়া-আলুরঘাট সড়কের দুই পাশের গাছ কেটে প্রায় সাবাড় করেছে দুর্বৃত্তরা। সর্বশেষ গত ১২ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর লোহাগাড়ায় প্রায় এক হাজার গাছ নিধন করা হয়। ডিজেল ও ইলেকট্রিক করাত দিয়ে এই নিধনযজ্ঞ চলে।
লোহগাড়ার চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মো. সাদাত উল্লাহ বলেন, ‘গাছ কেটে উপজেলা সদরের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ বিচ্ছিন্ন করায় কয়েকটি ইউনিয়ন তিন-চার দিন পর্যন্ত বিচ্ছিন্ন ছিল। এ সময় বিশেষ করে রোগীদের কষ্ট ও দুর্ভোগ বেশি হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কে ১১৫টি, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশে ৯৮টি, সাতকানিয়া-বাঁশখালী সড়কে প্রায় ৪০০টি, উপজেলার গ্রামীণ সড়কগুলোর প্রায় দেড় হাজার গাছ নিধন করা হয়।