চুনারুঘাট-বাল্লা সড়কে দুই দিন ধরে ভারী যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমির পানি নিষ্কাশনের উদ্দেশ্যে হবিগঞ্জের চুনারুঘাট-বাল্লা সড়কের কিছু অংশ কেটে দেওয়ায় গত সোমবার থেকে এ পথে ভারী যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, চুনারুঘাট সদর থেকে ওই সড়ক বাল্লা স্থলবন্দর পর্যন্ত গেছে। সোমবার সকালে কয়েকজন গ্রামবাসী উপজেলার আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও এলাকায় একটি কালভার্টের কাছের কিছু অংশ কেটে দেয়। এ খবর পেয়ে উপজেলা প্রশাসন ওই দিন রাতেই লোহার পাত দিয়ে সড়কটিতে হালকা যানবাহন চলাচলের ব্যবস্থা করে। কিন্তু ভারী যান চলাচল বন্ধ থাকে।উপজেলার আহমদাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবেদ হাসনাত প্রথম আলোকে জানান, সড়কের ওই স্থানে ব্রিটিশ আমলের একটি পাইপ কালভার্ট ছিল। এটি নষ্ট হয়ে গেছে। এতে জমির পানি নিষ্কাশন হয়নি। পানি নিষ্কাশনের জন্য এলাকার কয়েকজন লোক না বুঝে সড়কের ওই অংশ কেটে দেয়। পরে এটি সাময়িকভাবে মেরামত করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুজিবুর রহমান গতকাল মঙ্গলবার জানান, আগামীকাল (আজ) বুধবার স্থায়ীভাবে মেরামত করা হবে।চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, সড়ক কাটার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।