চুনারুঘাটে ইউপি সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোনাই মিয়ার (৪০) ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার নলুয়া চা-বাগানের ধলকি বিল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সোনাইকে হত্যা করে ওই জায়গায় ফেলে রাখে। নিহত সোনাইয়ের বাড়ি ইউনিয়নের ইকরতলী গ্রামে।চুনারুঘাট থানা সূত্রে জানা গেছে, গাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সোনাই মিয়া গত শনিবার রাত ১০টায় স্থানীয় সাদ্দাম বাজারে নিজের ধান-চালের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশে রওনা করেন। কিন্তু গভীর রাতেও তিনি বাড়িতে না পৌঁছালে স্বজনেরা তাঁকে খুঁজতে শুরু করেন। গতকাল দুপুরে স্থানীয় লোকজন ধলকি বিলে সোনাই মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। দুর্বৃত্তরা নিহতের মোটরসাইকেল ও টাকাপয়সা নিয়ে গেছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, নিহতের মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে সোনাইকে খুন করা হয়েছে। ওসি আরও জানান, নিহতের মোটরসাইকেলের চাবি ও মুঠোফোন পাওয়া গেছে।