চুনারুঘাটে চা-বাগানে স্বামীর হাতে স্ত্রী খুন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কাপাই চা-বাগানে চা-শ্রমিক শ্রীমতী সাঁওতালকে (১৮) খুন করেছেন তাঁর স্বামী বীর সিংহ সাঁওতাল। ঘটনার পর থেকে বীর সিংহ পলাতক। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দেড় মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল।চুনারুঘাট থানা পুলিশ জানায়, উপজেলার লস্করপুর চা-বাগানের শাখাবাগান কাপাই চা-বাগানের ফুলছড়ি লেনের বীর সিংহ সাঁওতাল (২৭) দেড় মাস আগে শ্রীমতী সিংহকে বিয়ে করেন। অভাব-অনটনসহ বিভিন্ন কারণে বিয়ের পর থেকে উভয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। শুক্রবার রাতে কাপাই চা-বাগানের সাঁওতালদের ধর্মীয় মনসা পূজা অনুষ্ঠিত হয়। এই পূজায় বীর সিংহ সাঁওতাল অতিমাত্রায় মদ সেবন করেন। ভোর রাতে মাতাল অবস্থায় বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হন। একপর্যায়ে উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে স্ত্রীকে খুন করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে শ্রীমতী সাঁওতালের লাশ উদ্ধার করে। তবে ঘাতক পলাতক রয়েছে।