চুনারুঘাটের চা শ্রমিকদের ব্যাপারে আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগের পরিপ্রেক্ষিতে প্রায় ১৬ হাজার শ্রমিকের জীবনে অনিশ্চয়তা নেমে আসা ও সরকারের অধিগ্রহণ পরিকল্পনার বিরুদ্ধে চা-শ্রমিকদের লাগাতার প্রতিবাদে উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওই এলাকার ডানকান ব্রাদার্স নামে চা প্রস্তুতকারক কোম্পানিকে লিজ দেওয়া ৫১১ একর জমি ফেরত নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। কিন্তু এই জমি সরকারের হলেও শত শত বছর ধরে সেখানে বসবাস ও চাষাবাদ করে আসছেন শ্রমিকেরা। তাঁদের পূর্বপুরুষেরা পরিশ্রম করে অনুর্বর ও দুর্গম এই এলাকাকে বাসযোগ্য ও আবাদি অঞ্চলে পরিণত করেছেন। তাই সরকারের যেকোনো উন্নয়ন পরিকল্পনায় স্থানীয় অধিবাসীদের অংশগ্রহণ ও মতামত দেওয়ার সুযোগ থাকা বাঞ্ছনীয়। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল করা হলে বংশপরম্পরায় চা উৎপাদনের সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের কীভাবে বিকল্প বা উপযুক্ত কর্মসংস্থান করা যায়, এ বিষয়গুলো বিবেচনা করা সরকারের দায়িত্ব৷