বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় আশরাফউদ্দিন আহমেদ চুন্নুকে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যকরী কমিটির নির্বাচন করতে ‘নিষেধ’ করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সাংসদ নাসিম ওসমান। মুঠোফোনে যোগাযোগ করা হলে আশরাফউদ্দিন চুন্নু অভিযোগ করে বলেন, নারায়ণগঞ্জ ক্লাবের আসন্ন কার্যকরী কমিটির নির্বাচনে তিনি সভাপতি পদে দাঁড়াতে আগ্রহী। শনিবার রাতে ক্লাবে একটি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলছিল। এ সময় নারায়ণগঞ্জ ক্লাব, বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি সেলিম ওসমান (নাসিম ও শামীম ওসমানের ভাই) ক্লাবেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে নাসিম ওসমান তাঁকে ডেকে টেনিস খেলার মাঠে নিয়ে যান। নাসিম ওসমান তাঁকে বলেন, ‘আপনি এবার নির্বাচন কইরেন না। আমি তিন মাস আগে (‘ম’ আদ্যাক্ষরের এক ব্যক্তির নাম উচ্চারণ করে) ‘অমুককে’ কথা দিয়েছি। সেলিমের পর এবার তাঁকে সভাপতি বানাব। আমার কথার বাইরে গিয়ে নির্বাচন করলে আপনি জিততে পারবেন না। আপনার নির্বাচন না করাটাই ভালো।’চুন্নু বলেন, ‘নাসিম আমাকে ডেকে এসব কথা বলার পরে আমি তাকে জানিয়েছি, সভাপতি পদে নির্বাচন করা ক্লাবের যেকোনো সদস্যের অধিকার রয়েছে। জয়-পরাজয় যা-ই হোক, আমি নারায়ণগঞ্জ ক্লাবে সভাপতি পদে অবশ্যই নির্বাচন করব।’ তিনি জানান, ক্লাবের সদস্যদের স্ত্রী-সন্তান ও অতিথিসহ অনেক মানুষ থাকায় ক্লাবের সম্মান রক্ষার্থেই তিনি তখন নাসিম ওসমানের সঙ্গে কোনো বিতর্কে জড়াননি।এ ব্যাপারে নাসিম ওসমানের বক্তব্য জানতে গতকাল রাতে তাঁর দুটো মুঠোফোনেই যোগাযোগ করা হয়। এর একটি বন্ধ পাওয়া যায়। অপরটিতে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।