চুপ করে থাকব না: রাফিদা

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার প্রয়াত অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ ধর্মনিরপেক্ষতা ও বিজ্ঞানের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি এ অঙ্গীকার করেছেন। এ ছাড়া, এএফপিকে গতকাল বুধবার ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে রাফিদা অভিযোগ করেছেন, তাঁদের ওপর হামলার সময় কাছেই নির্বিকার দাঁড়িয়ে ছিল পুলিশ। তারা কোনো পদক্ষেপ নেয়নি।
ঢাকায় গত ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা থেকে ফেরার পথে অভিজিতের পাশাপাশি রাফিদার ওপরও হামলা হয়। তিনি অভিজিতের স্ত্রী, সহযোগী লেখক এবং একজন মুক্ত চিন্তার মানুষ হিসেবে এ ধরনের ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। ওই হামলায় গুরুতর আহত রাফিদা বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে মৌলবাদের শিকড় অনেক গভীরে পৌঁছে গেছে।
রাফিদা ধীরে ধীরে সেরে উঠছেন এবং হামলার ওই ঘটনার খুব সামান্যই তিনি মনে করতে পারেন বলে জানিয়েছেন। রাফিদা বলেন, ওই ঘটনা সম্পর্কে তাঁর স্মৃতি কোনো কারণে অসাড় হয়ে গেছে। সম্ভবত তাঁরা পরিবারের সবার সঙ্গে রাতের খাবার খাওয়ার জন্য বাসায় ফিরছিলেন। মনে হয়, তিনি অভিজিতের হাত ধরে কথা বলছিলেন। এরপর তিনি কোনো একটি গাড়িতে ছিলেন এবং কেউ তাঁকে তুলে নিয়ে সেখানে রাখছিল, আর তাঁর শরীর রক্তে ভিজে গিয়েছিল—এর বেশি কিছু মনে করতে পারেন না।
রাফিদা বলেন, হাসপাতালে তিনি বুঝতে পারেন তাঁর ওপর হামলা হয়েছিল। মাথায় অস্ত্রের আঘাতগুলোর ব্যাপারেও তাঁর খেয়াল হয়। তাঁর হাতেও মারাত্মক জখম হয়েছিল এবং একটি বুড়ো আঙুল তিনি হারিয়েছেন।
রাফিদা বিবিসিকে বলেন, ‘স্ট্রেচারে আমার পাশে শায়িত অভিজিৎ তখনো বেঁচে ছিল। চিকিৎসকেরা ছোটাছুটি করছিলেন আর আমি তাঁদের বলছিলাম, আগে ওকে (অভিজিৎ) দেখুন। কারণ আমার অবস্থা তুলনামূলক ভালো। অভিজিতের মুখ থেকে আওয়াজ আসছিল, যদিও তার চেতনা ছিল না।’
অভিজিৎ বুদ্ধিমত্তায় পরিপূর্ণ একজন মানুষ ছিলেন বলে মন্তব্য করেন রাফিদা। তিনি বিজ্ঞান ও ধর্মনিরপেক্ষতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। রাফিদা বলেন, ‘আমি আবার বলতে শুরু করব এবং আমাদের বিশ্বাস ব্যক্ত করব, যে কারণে অভিজিৎ জীবন দিয়েছে। আমি চুপ করে থাকব না।’
যুক্তরাষ্ট্রের বাসিন্দা অভিজিৎ ও রাফিদা কেবল বইমেলায় যোগ দেওয়ার জন্যই ঢাকায় এসেছিলেন। পুলিশ বলছে, স্থানীয় ধর্মীয় উগ্রবাদী একটি সংগঠন তাঁকে হত্যার হুমকি দিয়েছিল। অভিজিৎ হত্যাকাণ্ডে তারা জড়িত কি না, তদন্ত করে দেখা হচ্ছে।