চুপ থাকতে পারেনি শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপ করে থাকতে পারেনি পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। দুপুরে টিফিন না খেয়ে ৮-১০ দিনের টাকা জমিয়ে দুই কেজি চাল কিনেছে। কেউ বাড়ি থেকে বইয়ের ব্যাগে করে দুই কেজি চাল এনে বস্তায় জমা করেছে। গরিব শিক্ষার্থীদের অনেকে চাল আনতে পারেনি, তারা অন্যদের উৎসাহিত ও চাল সংগ্রহে সাহায্য করেছে।এভাবেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নীরবে সংগ্রহ কার্যক্রম চালিয়ে প্রায় এক টন চাল জমা করেছে। গত বৃহস্পতিবার ওই চাল তারা নিজ হাতে বিতরণ করেছে পীরগঞ্জের জাবরহাট ইউনিয়নের করনাই মোড়লপাড়া গ্রামের ঝড়ে ক্ষতিগ্রস্ত ১০২টি পরিবারের মাঝে। পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সুমী আকতার বলে, ‘ঝড়ে যাদের বাড়িঘর উড়ে গেছে, আমি তো আর তাদের জন্য অনেক কিছু করতে পারব না। যেদিন স্কুলের বড় ভাইদের মুখে চাল দেওয়ার কথা শুনলাম, ওই দিন থেকেই আমি টিফিনের টাকা বাঁচাতে থাকলাম। ওই টাকায় দুই কেজি চাল কিনে বস্তায় ঢেলে দিলাম।’সুমী আকতারের মতো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আবু সাঈদ ও সামু; অষ্টম শ্রেণীর মুনমুন, মৌ ও লাইছুর রহমান; নবম শ্রেণীর সেতু ও কেমিসহ অনেক শিক্ষার্থী একই ধরনের অনুভূতি প্রকাশ করে। ছাত্রছাত্রীদের কাছ থেকে ১০ কেজি চাল পেয়ে করনাই মোড়লপাড়া গ্রামের রেহেনা বেগম বলেন, ‘মেম্বার চেয়ারম্যানলা হামাক দেখা পায়নি, স্কুলের ছোয়ালায় হামার বিপদের সমে খাবার চাউল আনে দিলে, এইডা কি কম কাথা, আল্লাহ উমার ভালো করুক।’পীরগঞ্জের বৈরচুনা ও জাবরহাট ইউনিয়নের করনাই, হাটপাড়া, জগন্নাথপুর, বৈরচুনাসহ বিভিন্ন গ্রামের ওপর দিয়ে ১ মে সন্ধ্যায় ঝড় বয়ে যায়। এতে এলাকার অনেক ঘর, খেতের ফসল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে ঘর ও গাছচাপা পড়ে মারা গেছেন পাঁচজন, আহত হয়েছে অর্ধশতাধিক। ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা খোলা আকাশের নিচে দিনযাপন করছে।সরকারিভাবে তারা ১০ কেজি করে চাল পেয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাদের পাশে এসে দাঁড়ালেও ব্যাপক ক্ষতির কাছে ওই সহায়তা একেবারেই নগণ্য। দুর্গত ব্যক্তিদের এই কষ্টের কথা শুনেই প্রাণ কেঁদে ওঠে পীরগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ জন্য তারা নিজেরাই চাল সংগ্রহ করেছে। শিক্ষার্থীদের সংগ্রহ করা চাল পরিবহনে এবং তা দুর্গত ব্যক্তিদের মাঝে বিতরণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কয়েকজন সহকারী শিক্ষক সহযোগিতা করেন। প্রধান শিক্ষক মো. মফিজুল হক বলেন, ‘শিক্ষার্থীরা কয়েক দিন থেকেই চাল সংগ্রহ করছে। দুর্গত মানুষের সেবাদানে তাদের আবেগ-উচ্ছ্বাস দেখে আমি অভিভূত হয়েছি। আমি স্কুল থেকে বস্তা কিনে দিলে তারা চাল এনে বস্তায় ভর্তি করে। আমি কয়েকজন শিক্ষককে নিয়ে চালগুলো বহনে পিকআপ ভাড়া করে দিয়েছি এবং বিতরণে তাদের সাহায্য করি।’