চুপ থাকার অবকাশ নেই


আমরা মনে করি, কেউ আমরা নিরাপদ নই। ঘাতকের চাপাতির আঘাত কার ঘাড়ে কখন পড়বে, আমরা জানি না। কাজেই চুপ করে বসে থাকার অবকাশ নেই। কাল কার জন্য এখানে সমবেত হতে হবে, আমরা জানি না। আমাদের নিজেদের স্বার্থেই এই আন্দোলন চালিয়ে যেতে হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচি পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজম শান্তনু, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক নীলুফার সুলতানা, প্রাণ রসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদুল হাসান খান, ফলিত রসায়ন বিভাগের প্রভাষক দিলীপ কুমার সরকার প্রমুখ।
শাহ আজম শান্তনু বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) আমরা শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি দেব। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় যদি সন্তুষ্ট না হই, তাহলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিচার দাবি করব।’ তিনি বলেন, বৃহস্পতি ও শুক্রবার ছুটির কারণে ক্যাম্পাসে কর্মসূচি বন্ধ থাকবে। তবে ৭ ও ৮ মে সিনেট ভবনের সামনে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন পালন করবে শিক্ষক সমিতি। এরপর নতুন কর্মসূচি জানানো হবে।
ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টায় ক্যাম্পাসে মৌন মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে ‘মুকুল (অধ্যাপক রেজাউলের ডাক নাম) প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে সমাবেশে মিলিত হয়। একই সময়ে ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মনোবিজ্ঞান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ। এ ছাড়া সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে ‘সম্মিলিত সামাজিক আন্দোলন রাজশাহী’ ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।